গিলার্ডকে হারিয়ে দলের প্রধান রাড
অস্ট্রেলিয়ায় ক্ষমতাসীন লেবার পার্টি প্রধানের নির্বাচনে হেরে গেছেন প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড। বুধবার লেবার পার্টি ৫৭ ভোটে সাবেক নেতা কেভিন রাডকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে।
অন্যদিকে, গিলার্ড পেয়েছেন মাত্র ৪৫ ভোট।
১৪ সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ায় সাধারণ নির্বাচনের আগে দলীয় প্রধান পরিবর্তন করল লেবার পার্টি।নির্বাচনে দলটি হেরে যেতে পারে এমন আভাসই পাওয়া যাচ্ছে জনমত জরিপে।
নির্বাচনে গিলার্ড সরকার ৩৫ টি আসন হারাতে পারে এবং কনজারভেটিভ বিরোধী দল পার্লামেন্টে বড় ধরনের সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যেতে পারে বলে বিভিন্ন জনমত জরিপের ফলে আভাস মেলার পর লেবার পার্টি নেতৃত্বে এ পরিবর্তন ঘটালো।
রাড আবার নেতৃত্বে আসায় অস্ট্রেলিয়ায় সেপ্টেম্বরের নির্বাচন আরো এগিয়ে এনে অগাস্টেই করা হতে পারে বলে মনে করা হচ্ছে।ভোটারদের মধ্যে রাডের জনপ্রিয়তার সুযোগকে কাজে লাগাতেই আগেভাগে অনুষ্ঠিত হতে পারে নির্বাচন।
২০১০ সালে কেভিন রাডকে পরাজিত করে প্রধানমন্ত্রী হয়েছিলেন জুলিয়া গিলার্ড।কিন্তু বর্তমানে নানা জরিপে দেখা গেছে, রাডেরই জনপ্রিয়তা ভোটারদের মধ্যে বেশি।আর তার প্রধানমন্ত্রীত্বে ফিরে আসাটা তাই লেবার পার্টির জন্য নির্বাচনে ধরাশায়ী হওয়ার আশঙ্কা দূর করবে বলেই মনে করা হচ্ছে।
অস্ট্রেলিয়ার ক্ষমতাসীর লেবার পার্টি গিলার্ড ও রাড দুই মেরুতে বিভক্ত। দলটিকে এই দুই নেতার নেতৃত্বের দ্বন্দ্বের কারণে বিরূপ পরিস্থিতির শিকার হতে হচ্ছে।
কিন্তু সাম্প্রতিক সপ্তাগুলোতে এই অবস্থার অবসান ঘটিয়ে দলের ভেতরে স্থিতিশীলতা আনার চেষ্টা চলছে।
এরই পরিপ্রেক্ষিতে কেভিন রাডের সমর্থকরা দলের নেতৃত্ব নির্ধারণে ভোটাভুটির আহ্বান জানায়। তার কয়েক ঘণ্টা পরই গিলার্ড ভোট অনুষ্ঠানের ঘোষণা দেন।
গিলার্ড বলেন, এই ইস্যুর সমাধানে এটিই চূড়ান্ত সুযোগ।ভোটাভুটিতে হেরে গেলে রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণাও দিয়েছিলেন গিলার্ড।
