২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেতৃত্বের লড়াইয়ে আবারো মুখোমুখি গিলার্ড-রাড

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড ও সাবেক প্রধানমন্ত্রী কেভিন রাড আবারো দলীয় নেতৃত্বের লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন। এ লক্ষ্যে বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭ টায় ভোটাভুটি অনুষ্ঠিত হবে।

নিউজ ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2013, 09:32 AM

Updated : 23 Aug 2022, 11:04 AM

গিলার্ড ও রাড উভয়েই এই ভোটাভুটিতে হেরে গেলে রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন বলে বিবিসির এক খবরে বলা হয়েছে।

চলতি বছরের ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতৃত্ব নির্বাচনের এই ভোটাভুটি অনুষ্ঠিত হচ্ছে।


জরিপে দেখা গেছে ক্ষমতাসীন লেবার পার্টি ওই নির্বাচনে ধরাশায়ী হতে যাচ্ছে।


২০১০ সালে কেভিন রাডকে ক্ষমতাচ্যুত করে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হন জুলিয়া গিলার্ড। কিন্তু ভোটারদের কাছে রাড অনেক বেশি জনপ্রিয়।


অস্ট্রেলিয়ার ক্ষমতাসীর লেবার পার্টি গিলার্ড ও রাড দুই মেরুতে বিভক্ত। দলটিকে এই দুই নেতার নেতৃত্বের দ্বন্দ্বের কারণে বিরূপ পরিস্থিতির শিকার হতে হচ্ছে।


কিন্তু সাম্প্রতিক সপ্তাগুলোতে এই অবস্থার অবসান ঘটিয়ে দলের ভেতরে স্থিতিশীলতা আনার চেষ্টা চলছে।


এরই পরিপ্রেক্ষিতে কেভিন রাডের সমর্থকরা দলের নেতৃত্ব নির্ধারণে ভোটাভুটির আহ্বান জানায়। তার কয়েক ঘণ্টা পরই গিলার্ড ভোট অনুষ্ঠানের ঘোষণা দেন।


গিলার্ড বলেন, এই ইস্যুর সমাধানে এটিই চূড়ান্ত সুযোগ।


তিনি বলেন, “বিরোধীদলীয় নেতার সঙ্গে আমার প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, এমন কী আমার নিজ দলের কর্মীদের সঙ্গে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে।”


তিনি আরো বলেন, “আজ রাতের ভোটাভুটিতে অংশ নিচ্ছে যারা তাদের একটি বিষয় মেনে নেওয়া উচিৎ, আর তা হচ্ছে, যদি জয়ী হন তবে আপনিই লেবার পার্টির নেতা আর হেরে গেলে রাজনীতি থেকেই অবসর নিয়ে নিন।”


অপর দিকে সাংবাদিকদের উদ্দেশ্যে রাড বলেন, “আমি আমার জাতির নামে বলছি, আমি বিশ্বাস করি, এই বিষয়টি নিষ্পত্তির এখনই সময়।”

তিনি আরো বলেন, “যদি আমি পরাজিত হই তবে অবশ্যই আমি পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো না এবং জুলিয়াকে আমি ধন্যবাদ জানাই কেননা সেও একই অঙ্গীকার করেছে।”


গিলার্ডকে সরাতে রাডের অন্ততপক্ষে লেবার পার্টির ১০২ আইনপ্রণেতার মধ্যে ৫২ জনের সমর্থন প্রয়োজন হবে।