কাতারের নতুন আমির হচ্ছেন শেখ তামিম
কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি তার ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানির হাতে ক্ষমতা হস্তান্তর করতে যাচ্ছেন।
আমিরের প্রাসাদ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, বুধবার দেশটির নতুন আমিরের অভিষেক অনুষ্ঠানে কাতারবাসীদের আমন্ত্রণ জানানো হবে।
মঙ্গলবার সন্ধ্যায় বিদায়ী আমির জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা রয়েছে।
বেশ কিছুদিন ধরেই গুজব উঠেছিল, ৩৩ বছর বয়সী শেখ তামিম তার ৬১ বছর বয়সী বাবার কাছ থেকে ক্ষমতা গ্রহণ করার প্রস্তুতি নিচ্ছেন। অবশেষে তাই সত্যি হতে যাচ্ছে।
কাতারভিত্তিক আল জাজিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, আমির শেখ হামাদ ক্ষমতাসীন পরিবারের সদস্য ও শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে সোমবার বৈঠক করে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
দেশটির সরকার নিয়ন্ত্রিত কাতার নিউজ এজেন্সি জানিয়েছে, বুধবার সকালে নতুন আমির হিসাবে শেখ তামিম বিন হামাদ আল থানির অভিষেক হবে।
আমির পরিবর্তনের সঙ্গে সঙ্গে সরকারের মন্ত্রিসভারও খানিক রদবদল হবে বলে ধারণা করা হচ্ছে।
মন্ত্রিসভায় তরুণদের ক্ষমতা বাড়ানো হতে পারে। তবে এটা এখনো পরিষ্কার নয়, দীর্ঘ সময় ধরে দায়িত্বপালনকারী প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ হামাদ বিন জসিম আল থানিও দায়িত্ব থেকে সরে যাবেন কি না।
১৫০ বছর ধরে আল থানি পরিবার কাতার শাসন করছে।
১৯৯৫ সালে সশস্ত্র বাহিনী, মন্ত্রিসভা ও প্রতিবেশী রাষ্ট্রগুলোর সহায়তায় শেখ হামাদ এক রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে তার বাবা শেখ খলিফার কাছ থেকে ক্ষমতা দখল করেন।
তখন থেকেই কাতারের আমির দেশটিতে বেশকিছু উদার রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার ঘটান। সাম্প্রতিক বছরগুলোতে কাতার আঞ্চলিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
২০০৩ সালে শেখ হামাদ তার দ্বিতীয় ছেলে শেখ তামিমকে তার উত্তরাধিকারী ঘোষণা করেন। দ্বিতীয় স্ত্রী শেখ মোজা বিনতে নাসেরের সঙ্গে দাম্পত্যজীবনে শেখ তামিমের জন্ম হয়।
যুক্তরাজ্যে লেখাপড়া করা শেখ তামিম তার বড়ভাই শেখ জসিম বিন হামাদ আল থানির স্থলাভিষিক্ত হয়েছেন।
