স্নোডেনকে নিয়ে চীন-রাশিয়াকে কেরির হুঁশিয়ারি
রাশিয়া ও চীন সিআইএ’র সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেনকে যুক্তরাষ্ট্রে হস্তান্তর এড়াতে সহায়তা করলে তা অত্যন্ত ‘হতাশাজনক’ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।ভারত সফরকালে হুঁশিয়ার করে তিনি বলেন, এ ধরনের পদক্ষেপের ‘পরিণতি’ অবশ্যম্ভাবী।
স্নোডেনকে ফেরত পেতে যুক্তরাষ্ট্র তৎপরতা শুরু করার পর হংকং ছেড়ে মস্কোয় আশ্রয় নেন তিনি।সেখান থেকে কিউবা এবং ভেনেজুয়েলা হয়ে স্নোডেন ইকুয়েডরে যাবেন বলে মনে করা হচ্ছে। কিন্তু রাশিয়া স্নোডেনের অবস্থান জানা থাকার কথা অস্বীকার করেছে এবং তাকে ফেরত দেয়ার যুক্তরাষ্ট্রের আহ্বানও অগ্রাহ্য করেছে।
ভারতের রাজধানী নিয়াদিল্লিতে কেরি সাংবাদিকদের বলেছেন, “স্নোডেনকে ইচ্ছাকৃতভাবে বিমানে তুলে দিয়ে পালিয়ে যেতে সহায়তা করলে তা হবে স্পষ্টতই হতাশাজনক।প্রশ্নতীতভাবেই দু’দেশের সম্পর্কে এ ধরনের পদক্ষেপের কিছু প্রভাব-পরিণতি অনিবার্য হয়ে উঠবে”।
স্নোডেন এখন কোথায় তা স্পষ্ট নয়।তিনি মস্কো বিমানবন্দরের একটি হোটেলে রাত কাটিয়েছেন বলে মনে করা হচ্ছে। ওদিকে, ইকুয়েডর জানিয়েছে, স্নোডেন সেখানে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেছেন।
যুক্তরাষ্ট্র চায় রাশিয়া ছাড়ার আগেই স্নোডেনকে হস্তান্তর করা হোক।কেরি মস্কোকে আইনের মানদণ্ড অনুযায়ী কাজ করতে বলেছেন।প্রত্যেকের স্বার্থেই তা প্রয়োজন বলে জানান তিনি।
মস্কো থেকে স্নোডেনের লাতিন আমেরিকার কোনো দেশে যাওয়ার খবর প্রকাশের পর তাকে আশ্রয়-প্রশ্রয় না দিতে বিভিন্ন দেশকে সতর্ক করে ওবামা প্রশাসন।
যুক্তরাষ্ট্রের অনলাইন গোয়েন্দাগিরির খবর প্রকাশ করে মার্কিন প্রশাসনের রোষানলে পড়া স্নোডেন রোববার রাতে মস্কো পৌঁছান। একই দিন ইকুয়েডরের পররাষ্ট্রমন্ত্রী রিকার্ডো পাতিনো জানান, তাদের কাছে আশ্রয় চেয়েছেন স্নোডেন।
এরই মধ্যে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মূখপাত্র সাইটলিন হেডেন বলেন, রাশিয়া সরকার স্নোডেনকে হস্তান্তরের সব রকম চেষ্টা করবে বলেই তারা আশা করেন। কিন্তু রাশিয়া এ আবেদন অগ্রাহ্য করেছে।
রুশ এয়ারলাইন অ্যাইরোফ্লোটের এক কর্মকর্তা জানিয়েছেন, মস্কো থেকে কিউবার রাজধানী হাভানার সোমবারের একটি ফ্লাইটে স্নোডেনের জন্য টিকিট কেনা হয়েছে।লাতিন আমেরিকার দেশ কিউবা, ইকুয়েডর, ভেনেজুয়েলায় বামপন্থীরা ক্ষমতায়, ‘সাম্রাজ্যবাদের’ বিরুদ্ধে রয়েছে যাদের শক্ত অবস্থান।
এ পরিস্থিতিতে স্নোডেনকে ঢুকতে না দেয়ার জন্য উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোকে ওয়াশিংটনের পক্ষ থেকে বলা হয়েছে বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন।
তিনি বলেন, “তাকে যুক্তরাষ্ট্রের কাছে ফেরত না দিয়ে আর কোনো দেশে ভ্রমণের অনুমতি দেয়া উচিত হবে না।”
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) ফেসবুক, টুইটার, স্কাইপ ও জিমেইলসহ সাধারণ নাগরিকদের অন্যান্য অনলাইন মাধ্যমের যোগাযোগ তৎপরতা জানতে এ ধরনের প্রতিষ্ঠানগুলোর সার্ভারে নজর রাখছে বলে এ মাসের শুরুর দিকে তথ্য ফাঁস করেন স্নোডেন; যিনি এর আগে এই সংস্থাটি বিশেষজ্ঞ হিসেবে কাজ করতেন।
তথ্য ফাঁসের পর থেকেই হংকংয়ে অবস্থান নিয়েছিলেন তিনি।
