২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্নোডেনকে আশ্রয়-প্রশ্রয় নয়: যুক্তরাষ্ট্র

এডওয়ার্ড স্নোডেনকে ফেরত পেতে যুক্তরাষ্ট্র তৎপরতা শুরু করার পর হংকং ছেড়ে মস্কোয় আশ্রয় নিয়েছেন সিআইএ’র সাবেক এই কর্মী।

রয়টার্স

.

রয়টার্স

Published : 24 Jun 2013, 06:09 AM

Updated : 23 Aug 2022, 11:03 AM

সেখান থেকে তার লাতিন আমেরিকার কোনো দেশে যাওয়ার খবর প্রকাশের পর তাকে আশ্রয়-প্রশ্রয় না দিতে বিভিন্ন দেশকে সতর্ক করেছে ওবামা প্রশাসন।

যুক্তরাষ্ট্রের অনলাইন গোয়েন্দাগিরির খবর প্রকাশ করে মার্কিন প্রশাসনের রোষানলে পড়া স্নোডেন রোববার রাতে মস্কো পৌঁছান। একই দিন ইকুয়েডরের পররাষ্ট্রমন্ত্রী রিকার্ডো পাতিনো জানান, তাদের কাছে আশ্রয় চেয়েছেন স্নোডেন।

এদিকে, রুশ এয়ারলাইন অ্যাইরোফ্লোটের এক কর্মকর্তা জানান, মস্কো থেকে কিউবার রাজধানী হাভানার সোমবারের একটি ফ্লাইটে স্নোডেনের জন্য টিকিট কেনা হয়েছে।

লাতিন আমেরিকার দেশ কিউবা, ইকুয়েডর, ভেনেজুয়েলায় বামপন্থীরা ক্ষমতায়, ‘সাম্রাজ্যবাদের’ বিরুদ্ধে রয়েছে যাদের শক্ত অবস্থান।

এ পরিস্থিতিতে স্নোডেনকে ঢুকতে না দেয়ার জন্য উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোকে ওয়াশিংটনের পক্ষ থেকে বলা হয়েছে বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন।

তিনি বলেন, “তাকে যুক্তরাষ্ট্রের কাছে ফেরত না দিয়ে আর কোনো দেশে ভ্রমণের অনুমতি দেয়া উচিত হবে না।”

এদিকে, স্নোডেনকে মস্কোয় যাওয়ার সুযোগ দেয়ার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দোষারোপ করছেন যুক্তরাষ্ট্রের সিনেটর চার্লস স্কুমার।

তিনি বলেন, পুতিন সবই জানতেন এবং তিনিই স্নোডেনকে মস্কো যাওয়ার অনুমতি দিয়েছেন।

“পুতিনকে মনে হয় তিনি সব সময়ই যুক্তরাষ্ট্রের চোখে আঙুল দিতে মুখিয়ে আছেন- সেটা সিরিয়া, ইরান এবং বর্তমানে স্নোডেন সব ক্ষেত্রেই একই রকম।”

ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলীয় এই সিনেটর স্নোডেনকে ফেরত না পাওয়ার জন্য চীনের দিকেও অভিযোগের আঙুল তুলেছেন।

যুক্তরাষ্ট্র ফেরত চাওয়ার পরও স্নোডেনকে হংকং ছাড়ার সুযোগ করে দেয়ার পিছনে চীনের হাত রয়েছে বলে মনে করছেন তিনি।

এদিকে, যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, স্নোডেনের বিরুদ্ধে জারি করা আদালতের গ্রেপ্তারি পরোয়ানার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে ফেরত দেয়ার ব্যবস্থা নিতে বুধবার হংকংয়ের অ্যাটর্নি জেনারেলকে ফোন করেন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনরেল এরিক হোল্ডার।

কিন্তু তা না করে স্নোডেনকে হংকং ত্যাগের সুযোগ দেয়ায় যুক্তরাষ্ট্র তা ভালোভাবে নেয়নি বলে জানান তিনি।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) ফেসবুক,  টুইটার, স্কাইপ ও জিমেইলসহ সাধারণ নাগরিকদের অন্যান্য অনলাইন মাধ্যমের যোগাযোগ তৎপরতা জানতে এ ধরনের প্রতিষ্ঠানগুলোর সার্ভারে নজর রাখছে বলে এ মাসের শুরুর দিকে তথ্য ফাঁস করেন স্নোডেন; যিনি এর আগে এই সংস্থাটি বিশেষজ্ঞ হিসেবে কাজ করতেন।

তথ্য ফাঁসের পর থেকেই হংকংয়ে অবস্থান নিয়েছিলেন তিনি।

যুক্তরাষ্ট্র সরকারের রোষ থেকে বাঁচতে মধ্য আমেরিকার কোনো এক দেশে আশ্রয় নিতে তাকে পরামর্শ দেন যুক্তরাষ্ট্রের গোপন নথি ফাঁসকারি আরেক ইন্টারনেট বিশেষজ্ঞ অ্যাসাঞ্জ। তিনি যুক্তরাজ্যে অবস্থিত ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নিয়ে আছেন কয়েক মাস ধরে।

গত ১৪ জুন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ইস্টার্ন ডিসট্রিক্টের একটি আদালতে স্নোডেনের বিরুদ্ধে সরকারি সম্পদ চুরি এবং গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে একটি মামলা হয়। দোষী সাব্যস্ত হলে যুক্তরাষ্ট্রের আইনে তার সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ও জরিমানা হতে পারে।

স্নোডেনকে নিয়ে হংকং তথা চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের দরকষাকষি চলছিলো।

হংকং এক বিবৃতিতে স্নোডেনের ওই দেশ ছাড়ার কথা জানানোর পাশাপাশি চীনের সরকারি কম্পিউটার নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নজরদারির বিষয়েও স্পষ্ট বক্তব্য চেয়েছে।

এর আগে ওবামা প্রশাসনও চীনা হ্যাকারদের মাধ্যমে তার দেশের ওয়েবসাইট আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ তুলেছিলো।

স্নোডেনকে ফেরত না দিলে দুই দেশের কূটনীতিক সম্পর্কে ‘জটিলতার’ সৃষ্টি হতে পারে বলে হংকংকে সতর্ক করে যুক্তরাষ্ট্র।

জবাবে হংকংও জানায়, স্নোডেনকে গ্রেপ্তার করার জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে যে অনুরোধ করা হয়েছে তাতে সরবরাহ করা নথিপত্র যথেষ্ট নয়।