মিশরে লুক্সর গভর্নরের পদত্যাগ
মিশরের লুক্সর প্রদেশে রোববার পদত্যাগের ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত গভর্নর আদেল মোহামেদ আল-খায়াত।
কট্টরপন্থি ইসলামিক দল আল গামা আল ইসলামিয়ার সদস্য আল-খায়াতকে গত সপ্তাহে বিতর্কের মুখেও গভর্নর নিয়োগ করেছিলেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি।
কট্টরপন্থি এ ইসলামিক দলটি ১৯৯৭ সালে এক হামলা চালিয়ে ৫৮ জন পর্যটককে হত্যা করে।
১৯৭০ থেকে ১৯৯০ দশকের মধ্যে অনেক সময়ই মিশরের শাসক এবং পর্যটন শিল্পের বিরুদ্ধে হামলা চালিয়ে এসেছে আল গামা আল ইসলামিয়া।
খায়াত এসব জঙ্গি হামলায় ব্যক্তিগতভাবে জড়িত থাকার কথা অস্বীকার করলেও তাকে লুক্সরের গভর্নর নিযুক্ত করায় রাজ্যে ক্ষোভ সৃষ্টি হয়।শঙ্কিত হয়ে ওঠে পযর্টন শিল্পের কর্মীরা।
দলের সঙ্গে আলোচনা করেই পদত্যাগের সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়ে খায়াত বলেন, এক বিন্দু রক্তক্ষয়ও তারা মেনে নেবেন না।
ওদিকে, গামা ইসলামিয়ার এক নেতাও স্থানীয় গণমাধ্যমে জানান, তারা মিশরের স্বার্থে নতুন গভর্নরকে পদত্যাগ করতে বলেছেন।
