স্নোডেনকে ফেরত চেয়েছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের অনলাইন নজরদারির তথ্য ফাঁস করে হৈ চৈ ফেলে দেয়া এডওয়ার্ড স্নোডেনকে ফেরত চেয়ে হংকংয়ের সঙ্গে যোগাযোগ শুরু করেছে হোয়াইট হাউজ।
ওবামা প্রশাসনের একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, যুক্তরাষ্ট্রর সঙ্গে চুক্তি অনুসারে হংকং প্রশাসন যদি দ্রুত সাড়া না দেয় তাহলে দ্বিপক্ষীয় সম্পর্কে ‘জটিলতা’ তৈরি হবে এবং ‘আইনের শাসন’ প্রতিষ্ঠায় হংকংয়ের ‘আন্তরিকতা’ প্রশ্নবিদ্ধ হবে।
গত মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) সাবেক বিশেষজ্ঞ স্নোডেন টেলিফোন ও ইন্টারনেটে জনগণের ওপর সরকারের নজরদারির গোপন তথ্য ফাঁস করে দেন। এতে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার ঝড় ওঠে।
ফেইসবুক, গুগল, স্কাইপসহ বড় বড় ইন্টারনেট কোম্পানিগুলোর সার্ভার থেকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের সরাসরি তথ্য সংগ্রহের বিষয়টি জানাজানি হওয়ায় জনগণের ব্যক্তিগত গোপনীয়তায় হস্তক্ষেপের অভিযোগের মুখে পড়ে ওবামা প্রশাসন।
এ মামলায় দোষী সাব্যস্ত হলে স্নোডেনের সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ও জরিমানা হতে পারে।
গত ১০ জুন গণমাধ্যমকে ‘তথ্যফাঁসকারী’ হিসাবে নিজের নাম প্রকাশের অনুমতি দিয়ে হংকংয়ের হোটেল ছাড়েন স্নোডেন। তিনি এই মুহূর্তে ঠিক কোথায় আছেন, তার স্পষ্ট নয়।
এদিকে, হংকংয়ের একটি দৈনিক জানিয়েছে, সেখানে পুলিশের তত্ত্বাবধানে আছেন স্নোডেন, যার জন্য একটি নিরাপদ বাসভবনের ব্যবস্থা করা হয়েছে। বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও নেয়া হয়েছে।
চীনের অংশ হলেও হংকং যে আইন ও প্রশাসনিক কাঠামোতে পরিচালিত হয়, তা চীনের মূল ভূখণ্ড থেকে আলাদা। ১৯৯৮ সালে হংকং কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের সঙ্গে আসামি প্রত্যর্পণ চুক্তি করে, যার আওতায় স্নোডেনকে হস্তান্তরের অনুরোধ জানিয়েছে হোয়াইট হাউজ।
