কানাডায় বন্যায় ৩জনের মৃত্যু
প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় কানাডার পশ্চিমাঞ্চলে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে এবং প্রায় এক লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে।
পশ্চিমাঞ্চলে বো ও এলবো নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হতে শুরু করলে নদী তীরবর্তী ক্যালগারি ও আলবের্তা শহরের কেন্দ্রীয় অংশ ছেড়ে যেতে কর্তৃপক্ষ শহরবাসীদের নির্দেশ দিয়েছে বলে বিবিসি অনলাইন জানিয়েছে।
বন্যায় ওই এলাকার সড়ক ও সেতু বিধ্বস্ত হয়েছে এবং বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়েছে, ডুবে গেছে শত শত বাড়িঘর। প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার শুক্রবার বন্যা উপদ্রুত এলাকা পরিদর্শন করেছেন।
বন্যা উপদ্রুত মানুষের জন্য কেন্দ্রীয় সরকার থেকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
বন্যায় তিনজনের মৃত্যু নিশ্চিত করেছেন রয়েল কানাডিয়ান মাউন্টেন্ড পুলিশের সার্জেন্ট প্যাট্রিসিয়া নিলি। দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার ক্যালিগারির ৬৪ কিলোমিটার দক্ষিণে হাইউড নদী থেকে ওই দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
আলবের্তায় এক সপ্তাহ ধরে বৃষ্টিপাতের পর বৃহস্পতিবার আরো ১০ সেন্টিমিটার বৃষ্টিপাতের পর বন্যা দেখা দেয়।
আলবের্তা রাজ্য প্রধান আলিসন রেডফোর্ড বন্যার প্রকোপ আরো বাড়তে পারে বলে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছেন।
