২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মৃতের সংখ্যা হাজার ছাড়ানোর শঙ্কা

ভারতের উত্তরাখন্ড, হিমাচল ও উত্তরপ্রদেশ রাজ্যে প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে । তবে সরকারিভাবে শেষ খবর পাওয়া পর্যন্ত ৫৫৬ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 22 Jun 2013, 05:50 AM

Updated : 13 Oct 2022, 02:52 PM

এখনো প্রায় ১৪ হাজার মানুষ ‘নিখোঁজ’ রয়েছে বলে প্রকাশিত সংবাদগুলোতে বলা হয়েছে।

শুক্রবারও উত্তরাখন্ডের বন্যা উপদ্রুত এলাকায় আটকে পড়া হাজার হাজার মানুষকে উদ্ধারে লড়াই চালিয়ে যাচ্ছিল উদ্ধারকারীরা। এখানে প্রায় ৫০ হাজার মানুষ আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

আটকে পড়া এসব মানুষের কাছে প্রয়োজনীয় খাবার ও বিশুদ্ধ খাবার পানি পৌঁছানো অত্যন্ত জরুরি হয়ে দেখা দিয়েছে। আটকে পড়া এসব মানুষের বেশিরভাগই প্রধানত কেদারনাথ ও বদ্রিনাথ দর্শনে আসা তীর্থযাত্রী ও পর্যটক।

এ পর্যন্ত ৩৩ হাজারেরও বেশি তীর্থযাত্রী ও পর্যটককে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী মানিশ তেওয়ারি।

আটকে পড়া লোকজনকে সরিয়ে নিতে বিনা ভাড়ার বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এদিকে শুক্রবার সন্ধ্যায় উত্তরাখন্ডে একটি উদ্ধারকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে বলে ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলোর খবরে জানানো হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়েছে কিনা সে খবর জানা যায়নি।

বন্যার পানি, ভূমিধসে আটকে যাওয়া ও ধসে পড়া সড়ক পথের কারণে আটকে পড়া লোকজনের কাছে পৌঁছতে হিমশিম খাচ্ছে উদ্ধারকারীরা। আটকে পড়া এমন কয়েকজন এনডিটিভি নিউজ চ্যানেলকে জানিয়েছেন, গত পাঁচদিন ধরে তাদের কাছে কোনো খাবার নেই।

আগামী কয়েকদিনের মধ্যেই আটকে পড়া সবাইকে উদ্ধার করা সম্ভব হবে বলে উদ্ধারকাজে গৃরুত্বপূর্ণ ভূমিকা পালন করা ভারত-তিব্বত সীমান্ত পুলিশের এক কর্মকর্তা শুক্রবার জানিয়েছেন।

নিখোঁজ আত্মীয়স্বজনকে খুঁজে পেতে সহায়তা করার জন্য ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগল ‘পার্সন ফাইন্ডার’ নামে একটি নতুন অ্যাপ্লিকেশন চালু করেছে।

শুক্রবার ভারতীয় সংবাদপত্রে বিজ্ঞাপন ছাপিয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিং পরিস্থিতি মোকাবিলায় জাতীয় ত্রাণ তহবিলে মুক্ত হস্তে দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

বুধবার উত্তরাখন্ডের বন্যা উপদ্রুত এলাকাগুলো হেলিকপ্টার নিয়ে ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী সিং ও ক্ষমতাসীন কংগ্রেস দলীয় সভাপতি সোনিয়া গান্ধি। রাজ্যটির জন্য এক হাজার কোটি রুপি সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশিল কুমার সিন্ধের শনিবার রাজ্যটির বন্যা উপদ্রুত এলাকা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।