২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের জন্য ৬ কোটি রূপি

পাকিস্তানের পাঞ্জাব প্রাদেশিক সরকার চলতি ২০১৩-১৪ অর্থ বছরের বাজেটে নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর ই তৈয়বার পিতৃ সংগঠন জামাত উদ দাওয়ার (জেইউডি) জন্য ৬ কোটি ১০ লাখ রুপি বরাদ্দ করেছে। পাঞ্জাবের ক্ষমতায় থাকা পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পিএমএল-এন সরকার এই বরাদ্দ দিয়েছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 19 Jun 2013, 06:03 AM

Updated : 25 Apr 2022, 06:53 PM

বুধবার এ খবর জানিয়েছে ভারতের এনডিটিভি।

জেইউডি’র ‘মার্কায ই তায়েবা’ কেন্দ্রের জন্য পাঞ্জাব সরকার এ সহায়তা বরাদ্দ করে। জেইউডি’র এই কেন্দ্রটি লাহোরের মুরিদকে’তে অবস্থিত।

সোমবার পাঞ্জাবের জাতীয় পরিষদের বাজেট অধিবেশনে এই বরাদ্দের বিস্তারিত তুলে ধরেন পাঞ্জাবের অর্থনমন্ত্রী মুজতাবা শুজাউর রেহমান। পাঞ্জাবে পিএমএল-এন দলীয় মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ, তিনি প্রধানমন্ত্রী নওয়াজের ভাই।

২০০৮ সালে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে তিনদিন ধরে চালানো ভয়াবহ জঙ্গি হামলার জন্য লস্কর ই তৈয়বাকে দায়ী করা হয়। আর জেইউডি প্রধান হাফেজ সাঈদের মাথার মূ্ল্য হিসেবে এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

মুম্বাই হামলার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জেইউডিকে লস্কর ই তৈয়বার পিতৃ সংগঠন হিসেবে ঘোষণা করলে জেইউডি’র মুরিদকে কেন্দ্রটি অধিগ্রহণ করে পাঞ্জাব সরকার। তখনও পাঞ্জাবের ক্ষমতায় ছিল পিএমএল-এন।

এর পর থেকে পাঞ্জাব জুড়ে জেইউডি’র আল দাওয়া শিক্ষা, ওষুধ ও হাসপাতাল কার্যক্রম পরিচালনার জন্য মাকার্য ই তায়েবা কেন্দ্রটিকে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দিয়ে আসছে পাঞ্জাব সরকার।

পাঞ্জাবে জেইউডি বা এর প্রধান হাফেজ সাঈদ সরকারীভাবে ‘নিষিদ্ধ’।