ব্রাজিলে দুই দশকের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ
সরকারের দুর্নীতি, পুলিশি দমনপীড়ন ও দুর্বল জনব্যবস্থাপনায় উত্যক্ত ব্রাজিলবাসী সোমবার গত দুই দশকের মধ্যে সবচেয়ে বড় সরকারবিরোধী প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে। ব্রাজিলের সবগুলো বড় শহরে হওয়া এ বিক্ষোভ মিছিলে প্রায় দুইলাখ মানুষ যোগ দিয়েছে।
প্রধানত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো থেকে এ আন্দোলনের সূচনা হয়েছে।
ব্রাজিলের ছয়টিরও বেশি শহরে আন্দোলনকারীরা রাস্তায় অবরোধ তুলে ও গাড়ি চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। রাজধানী ব্রাসিলিয়ায় কংগ্রেস ভবনের ছাদে উঠে বিক্ষোভ প্রদর্শন করে ও সেখানে ভাঙচুর চালায়।
অর্থনীতির শ্লথগতি, মূল্যস্ফীতি আর ছড়িয়ে পড়া সহিংসতায় অস্থির ব্রাজিলের মানুষ গত দুসপ্তাহ ধরে বিক্ষোভ জানিয়েছে আসছে, সোমবারের বিক্ষোভ তারই ধারাবাহিকতা।
বেশিরভাগ শহরে বিক্ষোভের রূপ অনেকটা উৎসব মেজাজের হলেও কোথাও কোথাও তা সহিংস হয়ে ওঠে। রিও ডি জেনিরোতে বিক্ষোভকারীরা পুলিশের প্রতি পাথর নিক্ষেপ করে, একটি থেমে থাকা গাড়িতে আগুন ধরিয়ে দেয় ও রাজ্য পরিষদের ভবনে ধ্বংসযজ্ঞ চালায়।
এছাড়া দক্ষিণাঞ্চলের পোর্তো আলেগ্রি শহরেও ধ্বংসযজ্ঞে মেতে ওঠে বিক্ষোভকারীরা।
সারা দেশেই ব্রাজিলের পতাকা হাতে নেচে-গেয়ে, স্লোগান দিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করে তারা। এ সময় “জনতা জেগে উঠছে”, “ব্রাজিলের পরিবর্তন হচ্ছে” ইত্যাদি স্লোগান দেয় বিক্ষোভকারীরা।
এই বিক্ষোভের প্রধান কেন্দ্র ছিল রিও ডি জেনিরো। এখানে সন্ধ্যায় প্রায় এক লাখ বিক্ষোভকারী জড়ো হয়। সাও পাওলোতে বিক্ষোভ করে প্রায় ৬৫ হাজার মানুষ। বেলো হরিজন্টিতে ২০ হাজার।
তারা সবাই শান্তিপূর্ণ, অপেক্ষাকৃত নিশ্চিত জীবনের দাবিতে বিক্ষোভ করে।
