২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় নো-ফ্লাই জোন হতে দেব না: রাশিয়া

জাতিসংঘে ভেটো ক্ষমতা সম্পন্ন সদস্য রাশিয়া বলেছে, তারা সিরিয়ায় উড্ডয়ন নিষিদ্ধ এলাকা (নো ফ্লাই জোন)প্রতিষ্ঠার অনুমোদন দেবে না।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2013, 03:17 PM

Updated : 23 Aug 2022, 11:01 AM

বিশ্ব নেতারা উত্তর আয়ারল্যান্ডে দু’দিনের জি-৮ সম্মেলনে যোগ দিতে জড়ো হতে থাকার মধ্যে সোমবার এ হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র অ্যালেক্সান্ডার লুকাশেভিচ।

“আমরা মূলত এ ধরনের পরিস্থিতি হতে দেব না বলেই মনে করি।নো ফ্লাই জোন প্রতিষ্ঠা করা মানে আন্তর্জাতিক আইনকে অবজ্ঞা করা”, এক সংবাদ ব্রিফিং এ বলেন লুকাশেভিচ।

জি-৮ সম্মেলনের ফাঁকে সিরিয়া নিয়ে মুখোমুখি বৈঠকে বসার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের।তার আগেই লুকাশেভিচ এ মন্তব্য করলেন।

প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে লড়াইরত সিরীয় বিদ্রোহী যোদ্ধাদের অস্ত্র দেয়ার পশ্চিমাদের পরিকল্পনা নিয়ে রাশিয়ার ঘোরতর আপত্তির মুখে বৈঠকে বসার পরিকল্পনা নেন ওবামা-পুতিন।

এক বছরের মধ্যে প্রথম এই ব্যক্তিগত বৈঠকে সিরিয়ায় চলমান গৃহযুদ্ধ অবসানে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদকে আলোচনার টেবিলে আনতে ওবামা পুতিনের সহায়তা চাইবেন বলেই মনে করা হচ্ছে।

সিরিয়ার ঘনিষ্ঠ মিত্র রাশিয়া হওয়ার কারণে পুতিনের কাছ থেকে এ সহায়তা চাইবেন তিনি।জি-৮ সম্মেলনের মধ্য দিয়ে নেতারা শান্তি প্রতিষ্ঠায় একমত হতে পারবে বলে আশা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনেরও।

কিন্তু রাশিয়া সিরীয় বিদ্রোহীদেরকে যুক্তরাষ্ট্রের অস্ত্র সাহায্য দেয়ার পরিকল্পনার বিরোধিতা করছে।আসাদ বাহিনী যুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র বিদ্রোহীদের অস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছে।সিরিয়ার বিদ্রোহীদেরকে যুক্তরাষ্ট্র আপাতত যেসব অস্ত্র দেবে তার মধ্যে থাকবে হালকা অস্ত্র, ও গোলাবারুদ।

যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে রাশিয়া। রাশিয়া বলে আসছে, রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ বিশ্বাসযোগ্য নয়।তাছাড়া, সিরিয়ায় উড্ডয়ননিষিদ্ধ এলাকা (নো ফ্লাই জোন) প্রতিষ্ঠার চেষ্টা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

নো ফ্লাই জোন প্রতিষ্ঠার সব পদক্ষেপই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন লুকাশেভিচ।