ইস্তাম্বুলে পার্কে পুলিশি অভিযান, রাতভর সংঘর্ষ
তুরস্কের ইস্তাম্বুলে সরকার বিরোধী বিক্ষোভকারীদের কেন্দ্র গেজি পার্কে শনিবার গভীর রাতে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানের মুখে পার্কটি থেকে সরে বিক্ষোভকারীরা রাস্তায় অবস্থান নিয়ে রাতভর পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত থেকেছে।
পুলিশি অভিযোনের প্রতিবাদে সোমবার সারাদেশে ধর্মঘটের ডাক দিয়েছে দেশটির প্রধান সরকারি কর্মচারি ইউনিয়ন জোট কেইএসকে।
রাস্তায় রাস্তায় সড়ক অবরোধ খাড়া করে ও আগুন জ্বালিয়ে হাজার হাজার বিক্ষোভকারীরা সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়, পুলিশের প্রতি পাথর নিক্ষেপ করে।
জবাবে পুলিশ তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও জলকামান থেকে পানি ছিটায়।
ইস্তাম্বুলের তাকসিম স্কয়ারের গেজি পার্কের গাছ কেঁটে সেখানে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের পরিকল্পনা করেছিল সরকার। সরকারের এ পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পার্কটিতে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে প্রতিবাদকারীরা।
কিন্তু সরকার কর্তৃক তাদের দাবী অগ্রাহ্য হলে প্রতিবাদ সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়। গত দুই সপ্তাহ ধরে পার্ক ও সংলগ্ন এলাকায় অবস্থান নিয়ে হাজার হাজার প্রতিবাদকারী সরকার বিরোধী বিক্ষোভ চালিয়ে যাচ্ছিল।
শনিবার গভীর রাতে পেছনে সাঁজোয়া যান নিয়ে তাকসিম স্কয়ার হয়ে গেজি পার্কের দিকে এগিয়ে যায় পুলিশ বাহিনী। তাঁবু টাঙিয়ে গেজি পার্কে অবস্থান নেওয়া প্রতিবাদকারীদের সরিয়ে দিতে অভিযান শুরু করে পুলিশ।
পুলিশি অভিযানের মুখে পার্ক ছেড়ে আশপাশের আবাসিক এলাকাগুলোর রাস্তায় যেয়ে অবস্থান নেয় কয়েক হাজার প্রতিবাদকারী। তারা রাস্তার লোহার বেড়া, পাথর ও বিজ্ঞাপনের বিলবোর্ড খুলে রাস্তায় এনে জড়ো করে সড়ক অবরোধ গড়ে তোলে।
রাস্তার আবর্জনা জড়ো করে তাতে আগুন ধরায় প্রতিবাদকারীরা।
“তায়িপ, পদত্যাগ করো,” শ্লোগান দেয় তারা।
স্থানীয় টেলিভিশন ফুটেজে দেখা যায়, ইস্তাম্বুল শহরের পশ্চিমাংশে আতার্তুক বিমানবন্দরে যাওয়ার পথে একটি প্রধান সড়ক অবরোধ করছে প্রতিবাদকারীরা। পাশাপাশি পূর্বাংশে কয়েকশ প্রতিবাদকারী বস্ফোরাস প্রণালীর ওপর প্রধান সেতুর দিকে রওনা হয়েছে।
এ সময় তুরস্কের রাজধানী আঙ্কারায় কেন্দ্রিয় অংশে কুগুলু পার্কের চারপাশে জড়ো হয় সরকার বিরোধী বিক্ষোভকারীরা। তাদের সঙ্গে বিরোধীদলের কয়েকজন পার্লামেন্ট সদস্যও ছিল। পুলিশকে কাঁদানে গ্যাস নিক্ষেপ থেকে বিরত রাখতে রাস্তার পাশে বসে থাকেন তারা।
এই অভিযানের কয়েক ঘন্টা আগে প্রতিবাদকারীদের সতর্ক করে দেশটির প্রধানমন্ত্রী তায়িপ এরদোয়ান বলেছিলেন, প্রতিবাদকারীরা সরে না গেলে ক্ষমতাসীন দলের রোববারের সমাবেশের আগে তাকসিম স্কয়ার নিরাপত্তা বাহিনীর খালি করে দেয়া উচিত।
“আগামীকাল ইস্তাম্বুলে আমাদের সমাবেশ আছে। আমি পরিস্কারভাবে বলতে চাই, তাকসিম স্কয়ার অবশ্যই খালি করে দিতে হবে, অন্যথায় এই দেশের নিরাপত্তা বাহিনী জানে কিভাবে তা খালি করতে হবে,” শনিবার রাজধানী আঙ্কারায় এক সমাবেশে বলেছিলেন এরদোয়ান।
