২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ কোরিয়া ‘চরম অভদ্রতা’ দেখিয়েছে: উত্তর কোরিয়া

উচ্চ পর্যায়ের বৈঠক ভেঙে দিতে দক্ষিণ কোরিয়া ‘ঔদ্ধত্বপূর্ণভাবে বাধা’ সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছে উত্তর কোরিয়া।

আন্তর্জাতিক ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2013, 12:28 PM

Updated : 23 Aug 2022, 10:58 AM

বিবিসি জানায়, দক্ষিণ কোরিয়া তাদের প্রতিনিধিদলের প্রধানকে পরিবর্তন করে সম্ভাব্য আলোচনায় ‘ইচ্ছাকৃতভাবে ঝামেলা’ তৈরি করেছে বলে মন্তব্য করেছে পিয়ংইয়ং।

উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কয়েক মাসের উত্তেজনার পর আলোচনার যে আশা জেগে উঠেছিল, বুধবার তা ভেঙে যায়। আলোচনায় দু’দেশের প্রতিনিধিদলের সদস্যদের নিয়ে মতানৈক্যের কারণে এ বিপত্তি ঘটে।

দক্ষিণ কোরিয়া সম্ভাব্য আলোচক দলের প্রধান হিসেবে একত্রিকরণ বিষয়ক উপ-মন্ত্রী কিম ন্যাম-সিককে মনোনয়ন দিয়ে দুই কোরিয়ার সংলাপের ইতিহাসে 'চরম অভদ্রতা' ও 'নজিরবিহীন অসৌজন্য' দেখিয়েছে বলে মন্তব্য করেছে উত্তর কোরিয়া। দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ একথা জানায়।

কেসিএনএ আরো বলেছে, এ বিষয়টির পাশাপাশি আলোচনার বিষয়বস্তু নির্ধারণ নিয়ে একমত না হয়ে দক্ষিণ কোরিয়া প্রমাণ করেছে, তাদের সংলাপে বসার কোনো অভিপ্রায় নেই বরং এটি বানচাল করে দেয়াই তাদের লক্ষ্য।