ম্যান্ডেলার অবস্থার কিছুটা উন্নতি
দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট ও বর্ণবাদ বিরোধী কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলার শারীরিক অবস্থার ‘কিছুটা উন্নতি’ হওয়ার খবর জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমা।
বুধবার তিনি পার্লামেন্টকে জানান, ‘কিছুদিন ধরে সঙ্কটাপন্ন’ ৯৪ বছর বয়সী নেতার অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তিনি খুবই খুশি।
গুরুতর ফুসফুস সংক্রমণের কারণে গত শনিবার ম্যান্ডেলাকে প্রিটোরিয়ার একটি হাসাপাতালে ভর্তি করা হয়।
ওই দিন প্রেসিডেন্টের দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছিল, ম্যান্ডেলার অবস্থা “গুরুতর তবে স্থিতিশীল আছে।”
দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমার মুখপাত্র ম্যাক মহারাজ স্থানীয় এসএএফএম রেডিওতে বলেছিলেন, ম্যান্ডেলার শারীরিক অবস্থা আগের মতোই ‘গুরুতর’।
কিন্তু বুধবার জুমা জানান, চিকিৎসায় সুফল পাওয়া যাচ্ছে।চিকিৎসকরা ভাল চিকিৎসা করছেন।আর ম্যান্ডেলাও ভালভাবে লড়াই করে সেরে উঠছেন।”
গত ডিসেম্বর থেকে চতুর্থবারের মতো হাসপাতালে ভর্তি হলেন ম্যান্ডেলা।
দক্ষিণ আফিকায় বর্ণবাদ প্রথার অবসানের জন্য ম্যান্ডেলার কয়েক দশকের আপোষহীন সংগ্রাম তাকে অবিসংবাদিত নেতায় পরিণত করে। বর্ণবাদ অবসানের পর সব বর্ণের মানুষের অংশগ্রহণে দক্ষিণ আফ্রিকার প্রথম নির্বাচনে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন।
সাম্প্রতিক বছরগুলোতে ফুসফুস সংক্রমণে ব্যাপকভাবে ভূগেছেন ম্যান্ডেলা। দীর্ঘ সাতাশ বছর রোবেন দ্বীপের কারাগারে বন্দি থাকার সময় তিনি যক্ষ্মায় আক্রান্ত হয়েছিলেন। গত এপ্রিলে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে টানা ১০ দিন হাসপাতালে থাকতে হয়েছিল তাকে।
