স্নোডেনকে বীর বললেন অ্যাসাঞ্জ
ইন্টারনেট থেকে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের গোপন কর্মসূচি প্রকাশ করে হৈ চৈ ফেলে দেয়া সাবেক সিআইএকর্মী এডওয়ার্ড স্নোডেনকে বীর আখ্যা দিয়েছেন জুলিয়ান অ্যাসাঞ্জ, যিনি নিজেও যুক্তরাষ্ট্রের কয়েক লাখ গোপন নথি প্রকাশ করে আলোড়ন সৃষ্টি করেছিলেন।
যুক্তরাষ্ট্রের রোষানল থেকে বাঁচতে স্নোডেনকে লাতিন আমেরিকায় আশ্রয় নেয়ারও পরামর্শ দিয়েছেন তিনি।
“আমি তাকে লাতিন আমেরিকায় যাওয়ার জন্য পরামর্শ দিচ্ছি,” সোমবার রাতে সিএনএনকে বলেন অ্যাসাঞ্জ।
তিনি বলেন, “গত ১০ বছরে লাতিন আমেরিকা দেখিয়েছে যে, তারা সত্যিকার অর্থে মানবাধিকার রক্ষায় এগিয়ে আসছে। সেখানে অনেকে আশ্রয় নিয়েছেন।”
লন্ডনে ইকুয়েডরের দূতাবাস থেকে কথা বলেন অ্যাসাঞ্জ। দুই নারীকে যৌন নিপীড়নের মামলায় সুইডেনে হস্তান্তরের হাত থেকে রেহাই পেতে প্রায় এক বছর আগে এই দূতাবাসে আশ্রয় নিয়েছিলেন তিনি।
ইকুয়েডর সরকার গত অগাস্টে তাকে আশ্রয় দিতে রাজি হয়। তবে যুক্তরাজ্য কর্তৃপক্ষ বলেছে, দূতাবাস থেকে বেরোলেই অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করা হবে। সে কারণেই দূতাবাসের মধ্যে অবস্থান করে আছেন অ্যাসাঞ্জ।
অন্যদিকে গুগল, ফেসবুক, টুইটারসহ বিভিন্ন ইন্টারনেট কোম্পানির সার্ভার থেকে সরাসরি যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের তথ্য সংগ্রহের কর্মসূচি ফাঁস করে দেয়া স্নোডেন সাম্প্রতিক সময়ে হংকংয়ে অবস্থান করছিলেন বলে গণমাধ্যমের খবরে বলা হয়। অবশ্য সোমবার থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে আন্তরজাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।
সিআইএর সাবেক কম্পিউটার বিশেষজ্ঞ এডওয়ার্ড স্নোডেন গার্ডিয়ানকে বলেন, মানুষের মৌলিক স্বাধীনতা রক্ষা করার জন্যই তিনি বিষয়টি ফাঁস করেছেন।
২০০৭ সালে চালু হওয়া যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) গোপন কর্মসূচি ‘পিআরআইএসএম’র আওতায় প্রধান ইন্টারনেট কোম্পানিগুলোর সার্ভারে ঢুকে ইমেইলসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করে আসছিল যুক্তরাষ্ট্র।
