প্রেসিডেন্ট হতে চান সুচি
মিয়ানমারের বিরোধীদলীয় নেতা অং সান সুচি ২০১৫ সালে অনুষ্ঠিতব্য দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার তিনি এই এই ঘোষণা দেন বলে দ্য ডন সংবাদ মাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা গেছে।
মিয়ানমারের রাজধানী নাইপিতাও-এ পূর্ব এশিয়ার বিশ্ব অর্থনৈতিক ফোরমে দেওয়া ভাষণে বিশ্বনেতাদের উদ্দেশ্যে তিনি তার এই মনোভাব প্রকাশ করেন।
সুচি বলেন, “আমি প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই আর এটা আমি খোলাখুলিভাবেই প্রকাশ করছি।”
শান্তিতে নোবেলজয়ী এই গণতন্ত্রপন্থী নেতা আরো বলেন, “যদি আমি বলি যে, আমি প্রেসিডেন্ট হতে ইচ্ছুক নই তবে তা আমার সততার পরিচায়ক হবে না।”
সুচি এ সময় সামরিক বাহিনীর তত্ত্বাবধানে রচিত সংবিধানে সংশোধনীর দাবি জানান। ওই সংবিধান অনুযায়ী তিনি দেশের নেতৃত্ব দিতে অর্থাৎ প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।
সংবিধানে বলা হয়েছে, কোন ব্যক্তির জীবনসঙ্গী বা সন্তান অন্যকোনো দেশের নাগরিক হলে সেই ব্যক্তি দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য অযোগ্য বিবেচিত হবে।
সুচির প্রয়াত স্বামী মিখায়েল অ্যারিস এবং দুই ছেলে ব্রিটেনের নাগরিক। ধারণা করা হয়, সুচিকে প্রেসিডেন্ট পদে নির্বাচনের অযোগ্য করতেই সংবিধানে এই আইন স্থাপন করা হয়েছে।
দুই বছর আগে দেশটির প্রেসিডেন্ট থিয়েন সেইনের আধা-বেসামরিক সরকার ক্ষমতায় আসার পর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে নাটকীয় সংস্কার করে বিশ্বকে তাক লাগিয়ে দেন। আর এরই ধারাবাহিকতায় দেশটির ওপর থেকে পশ্চিমাদের বিভিন্ন ক্ষেত্রে আরোপ করা নিষেধাজ্ঞা উঠে যেতে থাকে।
সেইনের সরকার শত শত রাজবন্দিকে মুক্তি দেয়। গৃহবন্দিত্ব থেকে মুক্তি পাওয়া সুচিকেও দেশটির নতুন পার্লামেন্টে স্বাগত জানানো হয়। পাশাপাশি দেশটিতে দীর্ঘ সময় ধরে চলা বিভিন্ন আদিবাসী ও গোত্রগত লড়াই অবসানে বেশ কয়েকটি অস্ত্রবিরতি চুক্তিও সই হয়।
মিয়ানমারের সামরিকজান্তা সরকারের রোষানলে পড়ে ১৫ বছর গৃহবন্দি থাকেন সুচি। দেশটিতে সুচির ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। ধারণা করা হয়, মিয়ানমারে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে সুচির নেতৃত্বাধীন রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমক্রেসি বিজয়ী হবে।
