সুসান রাইসকে নিরাপত্তা উপদেষ্টা করছেন ওবামা
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সুসান রাইসকে নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিচ্ছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।কর্মকর্তারা বুধবার একথা জানিয়েছেন।
বর্তমান নিরাপত্তা উপদেষ্টা টম ডোনিলনের পদত্যাগের সিদ্ধান্তের কারণে রাইসকে এ পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন ওবামা।যাকে এর আগে পররাষ্ট্রমন্ত্রীও করতে চেয়েছিলেন তিনি।
কিন্তু রিপাবলিকানদের আপত্তির মুখে রাইসকে পররাষ্ট্রমন্ত্রী করতে পারেননি ওবামা। লিবিয়ায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতসহ কূটনীতিকদের ওপর হামলার পর রাইসের এক মন্তব্যের কারণে রিপাবলিকানরা তার সমালোচনা করে।
বুধবার হোয়াইট হাউজ জানিয়েছে, রাইসের জায়গায় জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ পাবেন মানবাধিকার গবেষক ও হোয়াইট হাউজের সাবেক উপদেষ্টা সামান্থা পাওয়ার।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে রাইসকে নিয়োগের ক্ষেত্রে সিনেটের অনুমোদনের প্রয়োজন পড়বে না।
আর দীর্ঘ চার বছর ধরে ওবামার নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্বপালন করে আসা ডোনিলন আগামী জুলাইয়ের শুরুতে পদত্যাগ করবেন বলে জানানো হয়েছে খবরে।
