ইরানের ভিন্নমতাবলম্বীর দাফন থেকে সরকারবিরোধী বিক্ষোভ
ইরানে কট্টর ধর্মীয় শাসনের বিরোধিতাকারী এক ভিন্নমতাবলম্বী ইমামের দাফনে উপস্থিত হাজার হাজার মানুষ সরকারবিরোধী বিক্ষোভে ফেটে পড়লে তা হয়ে যায় গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ।
রোববার ৮৭ বছর বয়সি আয়াতুল্লাহ জালালউদ্দিন তাহেরি ইসফাহানে মারা যান।
তাহেরি দেশের কট্টরপন্থী শাসনের বিরুদ্ধে সরব ছিলেন এবং এর প্রতিবাদে নিজ পদ থেকে পদত্যাগ করেছিলেন। তিনি ইসফাহান কেন্দ্রীয় মসজিদের জুমার নামাজের প্রধান ইমাম ছিলেন। ইসফাহান ইরানের অন্যতম বড় শহর।
তার দাফনের সময় উপস্থিত মানুষ সরকারবিরোধী স্লোগান দেয় এবং দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলি খামেনিকে একনায়ক বলে অভিহিত করে।
প্রতিবাদকারীরা ‘সবুজ আন্দোলন’র দুজন শীর্ষ নেতাসহ সব রাজনৈতিক বন্দির মুক্তি দাবি করে। সবুজ আন্দোলনের ওই দুইনেতা তেহরানে গৃহবন্দি আছেন।
গত কয়েক বছরে ইরানে এটাই সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ। তবে পুলিশ বিক্ষোভে কোনো বাধা দেয়নি।
আগামী ১৪ জুন ইরানের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনের আগে দেশে কোনো ধরনের গোলযোগের বিষয়ে সরকার সতর্ক রয়েছে বলে ধারণা বিশ্লেষকদের।
