২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দমনাভিযানের জন্য ক্ষমা চাইলেন তুর্কি উপপ্রধানমন্ত্রী

তুরস্কে শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশী দমনাভিযানের জন্য বিক্ষোভকারীদের কাছে ক্ষমা চেয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা নিয়েছেন উপপ্রধানমন্ত্রী বুলেন্ত এরিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2013, 03:30 PM

Updated : 23 Aug 2022, 10:54 AM

বিক্ষোভের শুরুর দিকে আহত হওয়া বিক্ষোভকারীদের কাছে বিশেষভাবে ক্ষমা চেয়েছেন তিনি।সেইসঙ্গে ডাক দিয়েছেন বিক্ষোভ অবসানেরও।

প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান সোমবার উত্তর আফ্রিকা সফরে যাওয়ার পর সরকারের দায়িত্ব নিয়ে এরিক পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।মঙ্গলবার রাজধানী আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে এরিক বিক্ষোভকারীদের কাছে ক্ষমা প্রার্থনা করেন।

তিনি বলেন, গেইজি পার্ক ভাঙার প্রতিবাদে যে বিক্ষোভ হয়েছে তা ছিল ‘ন্যায় ও আইনসঙ্গত’। পরিবেশ রক্ষার লক্ষ্য নিয়ে প্রথমে যারা বিক্ষোভ শুরু করেছিলেন তাদের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগ করা ছিল ভুল পদক্ষেপ এবং অন্যায়। এজন্য তুর্কি নাগরিকদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।”

কিন্তু তিনি এও বলেছেন, যারা জনগণের সম্পদ ধ্বংস করেছে এবং রাস্তায় জনগণের চলাফেরার স্বাধীনতা বিনষ্ট করেছে তাদের কাছে ক্ষমা চাওয়ার প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না।

তবে ইস্তানম্বুল বিক্ষোভের অায়োজকদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও জানিয়েছেন উপ-প্রধানমন্ত্রী এরিক।

এর বিপরীতে আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছেন প্রধানমন্ত্রী এরদোয়ান। আন্দোলনকারীদের ‘অগণতান্ত্রিক’ হিসেবে অভিহিত করেছেন তিনি।

দেশে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ-সহিংসতার জন্য সরকারবিরোধী বিক্ষোভকারীদের দায়ী করে এর নিন্দা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। চলমান বিক্ষোভের মধ্যেও এরদোয়ান কোনো নমনীয়তা দেখাননি।

ইস্তাম্বুলের তাকসিম স্কয়ার সংলগ্ন অটোমান আমলের একটি সামরিক ছাউনি, যা পার্ক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে, তা ভেঙে বিপণীবিতান করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শুরু হলেও পুলিশ চড়াও হওয়ার পর তা সহিংস রূপ নেয়।

পরবর্তীতে বিক্ষোভটি সরকারবিরোধী বিক্ষোভে পরিণত হয়ে টানা চলতে থাকে। শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশি হস্তক্ষেপকে এরদোয়ানের কর্তৃত্ববাদী শাসনের নমুনা হিসেবে বর্ণনা করেছে বিরোধী দল।

বিক্ষোভকারীদের সমর্থনে বাম ট্রেড ইউনিয়ন তুরস্কে দুই দিনের ধর্মঘট শুরু করেছে।

পুরনো খবর:

তুরস্কের বিক্ষোভে যোগ দিয়েছে ট্রেড ইউনিয়ন