২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসির আদেশের বিরুদ্ধে আপিল করবে লিবিয়া

নিহত লিবিয়ার সাবেক একনায়ক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলামকে হস্তান্তরে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা আদেশের বিরুদ্ধে আপিল করবে লিবিয়া।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2013, 05:50 AM

Updated : 23 Aug 2022, 10:54 AM

দেশটির আইনমন্ত্রী রোববার এ তথ্য জানিয়েছেন।

“আইসিসিকে সন্তুষ্ট করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে এবং লিবিয়া সাইফের বিচারে আন্তর্জাতিক মান বজায় রেখে একটি স্বচ্ছ, নিরপেক্ষতার সঙ্গে সেটি তুলে ধরা হবে” বলে আইনমন্ত্রী সালাহ আল মারঘানিকে উদ্ধৃত করে লানা সংবাদ সংস্থা বিষয়টি জানিয়েছে।

মারঘানি আরো বলেন, “লিবিয়া এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে। লিবিয়ান ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি দল আপিলের প্রস্তুতি নিচ্ছে।”

পাশাপাশি লিবিয়া আইসিসির এ ধরনের কর্তৃত্ব নিয়েও প্রশ্ন তুলেছে।

শুক্রবার আইসিসি’র এক বিচারক নিহত লিবিয়ার সাবেক একনায়ক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কাছে হন্তান্তরের আদেশ জারি করেন।
গাদ্দাফিবিরোধী বিদ্রোহের সময় সংঘটিত অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার বিচার করতে চায় আইসিসি।

কিন্তু সাইফকে হস্তান্তরের বিরোধিতা করে এ বিষয়ে আইসিসি’র এক্তিয়ারকে চ্যালেঞ্জ জানায় দেশটি। সাইফের বিচার লিবিয়ার মাটিতেই করতে চায় দেশটির সরকার।
এরই পদক্ষেপ হিসাবে আইসিসির আদেশের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত ঘোষণা করেছে লিবিয়া।

লিবিয়া সরকারের বক্তব্য, আইসিসি’র ঘোষিত নীতি অনুযায়ী স্থানীয় কর্তৃপক্ষ কোনো বিচারের ব্যবস্থা করতে ব্যর্থ হলেই কেবল আইসিসি সেখানে হস্তক্ষেপ করতে পারে। কিন্তু যেহেতু লিবিয়া সাইফের বিচারের ব্যবস্থা করতে সক্ষম সে ক্ষেত্রে এ বিষয়ে আইসিসি’র হস্তক্ষেপের কোনো সুযোগ নেই।

কিন্তু লিবিয়ার দাবি প্রত্যা্খ্যান করেছে আইসিসির বিচারকরা। তাদের দাবি, আইসিসির আইনজীবীরা সাইফের বিরুদ্ধে আনা যে সব অভিযোগের তদন্ত করেছে, লিবিয়া সরকার একই ধরনের অভিযোগ তদন্ত করেছে বলে দেশটির সরকারি আইনজীবীরা প্রমাণ দেখাতে পারেননি।

আইসিসি বন্দি সাইফের ওপর লিবিয়া সরকারের পুরো কর্তৃত্ব নিয়েও সন্দেহ প্রকাশ করেছে। তাদের বিচার চলার সময় সাইফকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে বলেও জানিয়েছেন তারা।

ব্রিটেনে পড়াশোনা করা ৪০ বছর বয়সী সাইফ এখন লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় পার্বত্য শহর জিনতানে বন্দি আছেন। সেখানে ত্রিপোলির কেন্দ্রীয় সরকারের কর্তৃত্ব অত্যন্ত দুর্বল। সাইফ মূলত গাদ্দাফিবিরোধী জিনতানের যোদ্ধা বাহিনীর হাতে বন্দি আছেন।

জারি করা আদেশে আদালত বলেছে, “জিনতানের বেসামরিক বাহিনীর বন্দিদশা থেকে এখনও সাইফকে রাষ্ট্রীয় কর্তৃত্বে নিয়ে আসতে পারেনি লিবিয়া সরকার। আসছে সময়ে এ সমস্যার সমাধান করার মতো কোনো পদক্ষেপও নেয়নি।”

তবে এই আদেশ সত্বেও লিবিয়া সাইফকে আইসিসি’র কাছে হস্তান্তর করবে না বলেই পর্যবেক্ষকদের ধারণা। জিনতান থেকে সাইফকে রাষ্ট্রীয় কর্তৃত্বে ত্রিপোলিতে নিয়ে আসলেও হস্তান্তর করা হবে না বলেই ধারণা করা হচ্ছে।

কিছুদিন আগে আইসিসি’র গ্রেপ্তারি পরোয়ান উপেক্ষা করে গাদ্দাফির গোয়েন্দা প্রধান আবদুল্লাহ আল সেনুসিকে মৌরিতানিয়া থেকে দেশে ফিরিয়ে আনে লিবিয়া। সেনুসিকে ফিরিয়ে আনতে মৌরিতানিয়াকে ২০ কোটি ইউএস ডলার দেয় লিবিয়া।

এ পরিমাণ অর্থ মৌরিতানিয়ার জিডিপি’র প্রায় ৫ শতাংশ।