২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহী ঘাঁটিতে সিরীয় সেনা-হিজবুল্লাহ হামলা

সিরিয়ার সেনারা রোববার হিজবুল্লাহ গেরিলাদের সহায়তায় লেবাননের কাছে বিদ্রোহী-নিয়ন্ত্রিত কুসাইর শহর পুনর্দখলের অভিযান চালিয়েছে।সেনারা শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করা হয়েছে রাষ্ট্রীয় টিভিতে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 19 May 2013, 02:47 PM

Updated : 23 Aug 2022, 10:47 AM

লড়াইয়ে কুসাইরের ভেতরে-বাইরে ৯টি অবস্থানে সশস্ত্র সেনা ও হিজবুল্লাহ গেরিলাদের সঙ্গে বিদ্রোহী যোদ্ধাদের সংঘর্ষে নিহত হয়েছে অন্তত ৩২ জন।বিদ্রেহী আন্দোলনকর্মীরা একথা জানিয়েছে।

কুসাইর বিদ্রোহী ঘাঁটির অবস্থান লেবাননের বেকা উপত্যকা সীমান্ত থেকে ৮০ কিলোমিটার দূরে।

শহরটি থেকে এক বিদ্রোহীকর্মী হাদি আবদুল্লাহ বলেন, সিরিয়ার জঙ্গিবিমান সকালে কুসাইরে বোমা ফেলেছে।আর মিনিটে ৫০টি করে গোলাবর্ষণ হয়েছে শহরটিতে।

তিনি জানান, সেনাবাহিনী উত্তর ও পূর্ব দিক থেকে কুসাইরে ট্যাংক এবং গোলা হামলা চালাচ্ছে।আর দক্ষিণ ও পশ্চিম দিক থেকে মর্টার এবং রকেট হামলা চালাচ্ছে হিজবুল্লাহরা।গোলাবর্ষণে নিহত বেশিরভাগই বেসামরিক নাগরিক।

কৌশলগত অবস্থানের দিক দিয়ে শহরটি সেনাবাহিনী এবং বিদ্রোহী দুপক্ষের জন্যই গুরুত্বপূর্ণ।আসাদ বাহিনী শহরটির দখল পেলে রাজধানী থেকে তাদের উপকূলের দিকে যাওয়ার পথ খুলে যাবে।

ওদিকে, শহরটি বিদ্রোহীদের হাতে থাকলে তারা লেবানন থেকে শহরটিতে যাওয়া-আসা করতে পারবে।

সিরিয়ার রাষ্ট্রীয় টিভি বলেছে, সেনাবাহিনী কুসাইরে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে নেতৃত্ব দিচ্ছে।তারা শহরের কেন্দ্রস্থলে পৌঁছে গেছে।