২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউইয়র্কে জঙ্গিদের সঙ্গে জড়িত চোরাচালানী চক্র শনাক্ত

নিউইয়র্কে কোটি কোটি ডলার সিগারেট চোরাচালানের সঙ্গে জড়িত একটি চক্রকে শানাক্ত করে এর ফিলিস্তিনি বংশোদ্ভূত ১৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রয়টার্স

.

রয়টার্স

Published : 17 May 2013, 07:38 AM

Updated : 23 Aug 2022, 10:47 AM

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ চক্রকে গ্রেপ্তার করার ঘোষণা দিয়েছেন নিউইয়র্ক শহরের প্রধান আইন কর্মকর্তা ও নগর পুলিশ কমিশনার।

গ্রেপ্তারকৃতদের কয়েকজন কট্টরপন্থী ফিলিস্তিনি রাজনৈতিক দল হামাস ও অন্যান্য কয়েকটি ইসলামি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িত বলে শহর কর্তৃপক্ষের পক্ষ থেকে দাবী করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে ট্যাক্স ফাঁকি দিয়ে সিগারেটের ১০ লাখেরও বেশি কার্টন খুচরা দোকানগুলিতে বিক্রির উদ্দেশ্যে নিউইয়র্কে নিয়ে এসেছিল।

এ পর্যন্ত চক্রটির ৫ কোটি ৫০ লাখ ডলার সিগারেট বিক্রির তথ্য উদঘাটন করা হয়েছে বলে জানিয়েছেন আইন কর্মকর্তা এরিক শনেইডারম্যান ও পুলিশ কমিশনার রেমন্ড কেলি।

শনেইডারম্যান বলেন, “এত টাকা কোথায় গিয়েছে আমরা তা জানিনা, তবে আমরা যা জানতে পেরেছি তা খুবই সমস্যার বিষয়। আমরা জানতে পেরেছি এ চক্রের কারো কারো সঙ্গে খুব মারাত্মক কিছু মানুষের মিত্রতা আছে, আমরা তাদের অস্ত্রসহ গ্রেপ্তার করেছি, কিন্তু তাদের উপার্জিত লাখ লাখ ডলারের মধ্যে অল্প কিছু অর্থই শুধু উদ্ধার করতে পেরেছি।”

চক্রটির অবৈধভাবে উপার্জিত অর্থ শেষ পর্যন্ত কোথায় গিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে এর আগে গ্রেপ্তারকৃত এ ধরনের চক্রের অর্থ ফিলিস্তিনের গাজা শাসনকারী হামাসের কাছে পাঠানো হয়েছিল বলে জানিয়েছেন তদন্তকারীরা। এছাড়া লেবাননভিত্তিক কট্টরপন্থী শিয়া ইসলামিক গোষ্ঠী ও রাজনৈতিক দল হিজবুল্লাহর কাছেও অর্থ পাঠানো হয়েছিল বলে জানিয়েছেন তারা।

হামাস ও হিজবুল্লাহ, দুটি সংগঠনই যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তুর্ভুক্ত।

বৃহস্পতিবারই গ্রেপ্তারকৃতদের সবাইকে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।