২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে বোমা হামলায় জড়িত সন্দেহে ৪ জন গ্রেপ্তার

সিরিয়ার সীমান্তবর্তী তুর্কি শহর রেইহানলিতে দুটি গাড়ি বোমা হামলায় জড়িত সন্দেহে বুধবার ৪জনকে গ্রেপ্তার করেছে তুরস্ক কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

. রয়টার্

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2013, 07:04 AM

Updated : 23 Aug 2022, 10:46 AM

রাষ্ট্রনিয়ন্ত্রিত আনাতোলিয়ান সংবাদ সংস্থা বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
শনিবার চালানো ওই হামলায় ৫১ জন নিহত হয়।

তুরস্কের আইন কর্মকর্তারা ওই হামলার সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদ শেষে ৮ জনকে দক্ষিণাঞ্চলীয় আদানা শহরের আদালতে হাজির করলে আদালত ৪ জনকে মুক্তির নির্দেশ দেয়। আর বাকি ৪ জনকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়া হয়।

ওই হামলার ঘটনায় সন্দেহভাজন ১৭ জনকে আটক করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

এরআগে ওই বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

সোমবার ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে এ হামলাকে ‘অপরাধীদের সন্ত্রাসী হামলা’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, “যে কোনো সন্ত্রাসী কার্যকলাপ অপরাধমূলক এবং অগ্রহণযোগ্য, হামলাকারীদের উদ্দেশ্য এক্ষেত্রে বিবেচ্য নয়, যেখানে, যখনই এবং যারাই এটি করে থাকুক না কেন।”

এ হামলার সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করতে তুর্কি কর্তৃপক্ষকে সহযোগিতার জন্য বিশ্বের সব রাষ্ট্রের প্রতি আহ্বান জানায় নিরাপত্তা পরিষদ।

তবে নিরাপত্তা পরিষদ এ হামলার জন্য কোনো পক্ষকে সরাসরি দায়ী না করলেও তুরস্ক এ ঘটনায় সিরিয়াকে অভিযুক্ত করেছে।

নেটো সদস্যদেশ তুরস্ক বলেছে, এ হামলায় সিরিয়ার গোয়েন্দা সংস্থা জড়িত বলে তারা সন্দেহ করছে। অবশ্য বোমা হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে সিরিয়া।

সিরিয়ার গৃহযুদ্ধে লড়াইরত বিদ্রোহীদের শক্তিশালী সমর্থক তুরস্ক। দেশটি প্রেসিডেন্ট বাশার আল আসাদেরও সমালোচক। সিরিয়ার ৪০ হাজার শরণার্থী তুরস্কে আশ্রয় নিয়ে আছে।

জনাকির্ণ বাজার এলাকায় সংঘটিত এ বোমা হামলায় ব্যাপক প্রাণহাণী ও ক্ষয়ক্ষতির মুখে তুরস্কে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। সিরিয়ার গৃহযুদ্ধ প্রতিবেশী দেশগুলোতে ছড়িয়ে পড়ার আশঙ্কা আরো বৃদ্ধি পায়।

এ অবস্থায় নুতন কূটনৈতিক তৎপরতা শুরু করে উত্তেজনা হ্রাস করার পদক্ষেপ নেওয়া হয়েছে।

গত দুই বছর ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে এ পর্যন্ত অন্তত ৮২ হাজার মানুষ নিহত হয়েছে ও ১২ হাজার ৫শ’ মানুষ নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’।

এ ছাড়া ১৪ লাখ শরণার্থী প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।