‘নিষেধাজ্ঞায় ব্যাহত উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি’
উত্তর কোরিয়ার ওপর ক্রমবর্ধমান কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা, অস্ত্র নিষেধাজ্ঞা ও বাণিজ্যের ওপর বাধা-নিষেধের কারণে দেশটির অবৈধ পারমাণবিক কর্মসূচি বাধাগ্রস্ত হয়েছে এবং পিছিয়ে গেছে বলে দাবি করা হয়েছে জাতিসংঘ বিশেষজ্ঞদের এক গোপন প্রতিবেদনে।
যুক্তরাষ্ট্র চীনকে উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি ব্যাহত করতে অর্থনৈতিক ও অন্য নিষেধাজ্ঞার প্রয়োগ ঘটানোর জন্য রাজি করানোর চেষ্টা চালানোর এ সময়ে জাতিসংঘের নিষেধাজ্ঞা পর্যবেক্ষক দলের এ বার্ষিক প্রতিবেদন প্রকাশ পেল।
মঙ্গলবার ৫২ পাতার এ প্রতিবেদনে বলা হয়, নিষেধাজ্ঞা আরোপ করে উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি বন্ধ করা না গেলেও তাতে বিলম্ব ঘটানো সম্ভব হয়েছে।
আর দেশটির অস্ত্র বাণিজ্যের ওপর নিষেধাজ্ঞা এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে পরমাণু কর্মসূচির তহবিল সরবরাহের পথও উল্লেখযোগ্যভাবে বন্ধ করা গেছে।
প্রতিবেদনটিতে গত মাস পর্যন্ত সময়কালে উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচিতে নিষেধাজ্ঞার প্রভাব বিশ্লেষণ করা হয়েছে।ফলে মার্চে উত্তর কোরিয়ায় আরোপ হওয়া নতুন দফা নিষেধাজ্ঞার কি প্রভাব পড়েছে তা এখনই বলা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন কূটনীতিকরা।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উত্তর কোরিয়া নিষেধাজ্ঞা কমিটিতে জমা দেয়া এ প্রতিবেদনে বিশেষজ্ঞ প্যানেল উত্তর কোরিয়ার তিনটি প্রতিষ্ঠান ও ১২ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে। এ সুপারিশ বাস্তবায়ন করা হবে কিনা তা নির্ভর করবে ১৫ সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের ওপর।
সরকারি যে তিন প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করার সুপারিশ রয়েছে সেগুলো হচ্ছে, আণবিক শক্তি শিল্প মন্ত্রণালয়, সেন্ট্রাল কোরিয়ান ওয়ার্কাস পার্টির (কেডব্লিউপি) গোলাবারুদ শিল্প বিভাগ ও মহাকাশ উন্নয়ন ব্যুরো।আর ১২ ব্যক্তির মধ্যে রয়েছেন, পরমাণু বিদ্যুৎ শিল্পমন্ত্রী ও কেডব্লিউপির গোলাবারুদ শিল্প বিভাগের চার কর্মকর্তা।
ফেব্রুয়ারিতে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রের পরীক্ষা ও রকেট উৎক্ষেপণকে নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে। পিয়ংইয়ং ২০০৬ সালে প্রথমবারের মতো পরমাণু পরীক্ষা চালায়। পরমাণু অস্ত্র কর্মসূচির জন্য পিয়ংইয়ংরে ওপর জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশের নিষেধাজ্ঞা রয়েছে।
