২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জোট সরকারের পথে পাকিস্তান

পাকিস্তানের সাধারণ নির্বাচনে ঘোষিত বেসরকারী ফলাফলে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) আবার দেশটির ক্ষমতায় ফিরে এসেছে। দলটির প্রধান নওয়াজ শরিফ তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।

নিউজ ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2013, 06:48 AM

Updated : 23 Aug 2022, 10:45 AM

সোমবার শেষ খবর পাওয়া পর্যন্ত বেসরকারী ফলাফলে পিএমএল-এন পাকিস্তান জাতীয় পরিষদের ২৭২টি আসনের মধ্যে ১৩০টিতে জয় পেয়েছে বলে জানিয়েছে ডন অনলাইন।

জাতীয় পরিষদে পরিষ্কার সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর জোট সরকার গঠনের লক্ষ্যে পিএমএল-এন অন্যান্য দলের সঙ্গে আলোচনা শুরু করেছে।

তবে এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা কোন দলই পায়নি। ২৭২ আসনের পাকিস্তানি পার্লামেন্টে সরকার গঠনের জন্য ১৩৭ আসন প্রয়োজন। সেক্ষেত্রে নওয়াজ শরিফকে অন্য কোনো দল বা স্বতন্ত্রপ্রার্থীদের নিয়ে সরকার গঠন করতে হবে।

এ প্রসঙ্গে নওয়াজ শরিফ বলেন, “দেশের সমস্যাগুলো নিয়ে আলোচনার জন্য আমি সব দলকে আমার সঙ্গে আলোচনার টেবিলে বসার জন্য আহ্বান জানাচ্ছি।”

নির্বাচনের সবচেয়ে বড় বিপর্যয়ের শিকার হয়েছে বিলাওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। যদিও সিন্ধু প্রদেশে নিজেদের অবস্থান ধরে রেখেছে তারা কিন্তু কেন্দ্রে গতবারের ১২৪ আসনের জায়গায় এবার তাদের আসন মাত্র ৩৩টি।

তবে এরপরও দলটি দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে। এতে পিপিপি পার্লামেন্টে প্রধান বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে।

পাকিস্তানের এবারের নির্বাচনে সবচেয়ে আলোচিত নেতা সাবেক ক্রিকেটার ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (টিপিআই) ২৯টি আসন পেয়ে তৃতীয় বৃহত্তম দল হিসেবে আভির্ভূত হয়েছে।

এর আগে একবার ২০০২ সালের নির্বাচনে অংশগ্রহণ করে দলটি থেকে একমাত্র ইমরান খানই নির্বাচিত হয়েছিলেন। ২০০৮ সালের নির্বাচন বর্জন করা পিটিআই প্রায় শূন্য থেকেই অন্যতম প্রভাবশালী দলে পরিণত হয়েছে।

নির্বাচনে নিজ দলের জয়ের বিষয়ে আত্মবিশ্বাস দেখানো ইমরান পরাজয় স্বীকার করে ফলাফল মেনে নিয়েছেন। তার দল পার্লামেন্টে বিরোধী দলের ভূমিকা পালন করবে বলে ঘোষণা করেছেন তিনি।

নির্বাচনে সবেচেয়ে বড় বিপর্যয়ের শিকার হয়েছে তালেবান হামলার মুখে বিপর্যস্ত দল আওয়ামী ন্যাশনাল পার্টি (এএনপি)। গত সরকারের শরিক উদারপন্থী এ দলটির নির্বাচনী দপ্তর ও সমাবেশগুলোতে ধারাবাহিক বোমা হামালা চালিয়ে গেছে তালেবান। ফলে প্রকাশ্যে সমাবেশ করতে পারেননি দলটির নেতারা।

গতবারের ১৩টি আসনের জায়গায় এবার তারা পেয়েছে মাত্র ১টি আসন। প্রাদেশিক পর্যায়ে খাইবার পাখতুনখোয়ায় গতবার ৪৮টি আসন পেলেও এবার মাত্র ৫টি আসন পেয়েছে দলটি। এই প্রদেশে ইমরানের পিটিআই ৩৩টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করার অবস্থায় আছে।

পাকিস্তানের এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন, মোট ২৭টি আসনে জয়ী হয়েছেন তারা। গত পার্লামেন্টে স্বতন্ত্র প্রার্থীদের ১৮টি আসন ছিল।

করাচিভিত্তিক মোহাজের রাজনৈতিক দল মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) ১৭টি আসনে জয়ী হয়েছে। মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বাধীন মুত্তাহিদা মজলিশ-ই-আমল (জেইউআই-এফ) পেয়েছে ১০টি আসন।

এছাড়া মুসলিম লিগ (পিএমএল-এফ) ও জামায়াত ইসলামি উভয়ই ৫টি করে আসনে জয়ী হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৪টি আসনের নির্বাচন স্থগিত হয়েছে এবং একটির ফলাফল অপেক্ষমান ছিল।

বাকী ১১টি আসনের মধ্যে পিকেএমএপি ৩টি, এনপি ২টি ও অন্যান্য ছয়টি দল বাকী ৬টি আসন পেয়েছে।