পাকিস্তানে ঐতিহাসিক ভোট শেষে ফলের অপেক্ষা
ঐতিহাসিক জাতীয় ও প্রাদেশিক নির্বাচনে ভোট দিল পাকিস্তানের জনগণ। দেশটির ৬৬ বছরের ইতিহাসে এবারই প্রথম গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের নির্বাচনে অংশ নিলো তারা।
শনিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে। এরপর শুরু হয় ভোটগণনা।
ভোটগ্রহণ শেষে এক সংবাদ সম্মেলনে দেশটির নির্বাচন কমিশন সেক্রেটারি ইশতিয়াক আহমেদ বলেন, নির্বাচন কমিশন সফলতার সঙ্গে ভোটগ্রহণ সম্পন্ন করেছে। সারা দেশে ভোটগ্রহণের হারও ‘সন্তোষজনক’।
তবে বাণিজ্যিক রাজধানী করাচিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ব্যর্থ হওয়ার কথা স্বীকার করেছে কমিশন। সেখানে আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) কার্যালয়ে বোমা হামলায় ১১ জনসহ অন্তত ১৪ জন নিহত হয়েছে, যেখানে সারা দেশে সহিংসতায় নিহত হয়েছে ১৮ জন।
ভোট জালিয়াতির অভিযোগ এনে সেখানে নির্বাচন বর্জন করেছে জামায়াতে ইসলামী। অন্য দলগুলোও সেখানে নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলেছে।
নির্ধারিত সময়ের পরেও ভোটকেন্দ্রে অনেকের উপস্থিতির কারণে সারা দেশে ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত করা হয়।
পাকিস্তানি তালেবান ভোট বর্জনের ডাক দিয়ে আত্মঘাতী হামলা চালানোর হুমকি দেয়ার পর দেশজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। ভোটের আগে দেশটিতে নির্বাচনী সহিংসতায় একশ’ জনের বেশি মানুষ নিহত হয়।
সহিংসতা এড়াতে ভোটগ্রহণ শুরুর আগে আফগানিস্তান ও ইরান সীমান্ত বন্ধ করে দেয় পাকিস্তান।তিন দিন ওই দুই দেশের সীমান্ত বন্ধ রাখা হবে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর আগে কেন্দ্রগুলোতে ভোটারদের সারি দেখা যায়। দুপুর নাগাদ সারা দেশে ৩০ শতাংশ ভোট পড়ে, ভোটগ্রহণের হার ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত হতে পারে বলে নির্বাচন কমিশনের কর্মকর্তারা ধারণা করছেন। ২০০৮ সালের জাতীয় নির্বাচনে ভোট পড়েছিল ৪৪ শতাংশ।
এই নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) মধ্যে মূল লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। সাবেক ক্রিকেট তারকা ইমরান খানের নেতৃত্বাধীন তেহরিক-ই-ইনসাফকেও লড়াইয়ে রাখা হচ্ছে।
তবে ১৪ বছর আগে এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুৎ হওয়া নওয়াজ শরীফ তৃতীয়বারের মতো দেশটির নেতৃত্বে আসতে পারেন বলেই অনেকের ধারণা।
