দ. ওয়াজিরিস্তানে নারীদের ভোটদানে বাধা দেয়নি তালেবান
ভোট কেন্দ্রে পর্দা রক্ষার ব্যবস্থা থাকায় পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে নারীদের ভোটদানে বাধা দেয়নি তালেবান।
তালেবানসহ উগ্রপন্থী মুসলিম গোষ্ঠীগুলোর শীর্ষস্থানীয়রা বৈঠক করে সেখানে নারীদের ভোটদানে বাধা না দেয়ার সিদ্ধান্ত নেয়। উপজাতি অধ্যুষিত এই অঞ্চলে তালেবান উগ্রপন্থীদের ব্যাপক প্রভাব রয়েছে।
পাকিস্তানের দৈনিক ডনের অনলাইন সংস্করণে শনিবার এক প্রতিবেদনে বলা হয়, তালেবান কমান্ডার, উলামা ও আহমাদজাই ওয়াজির গোত্রের নেতৃস্থানীয়দের সমন্বয়ে গঠিত ১২০ সদস্যের শান্তি কমিটি শুক্রবার জুমার নামাজের আগে দক্ষিণ ওয়াজিরিস্তানে ভোটের জন্য একটি নীতিমালা ঘোষণা করে।
এছাড়া বৃহস্পতিবার রাতে এক বৈঠকে মিলিত হয়ে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করে তালেবানের শূরা সদস্যরা।
দক্ষিণ ওয়াজিরিস্তানের প্রধান শহর ওয়ানা থেকে আওয়ামী নাশন্যাল পার্টির কর্মী আমজাদ ওয়াজির টেলিফোনে ডনকে বলেন, “ভোটকেন্দ্রের ভিতরে ও বাইরে যথাযথ পর্দা রক্ষার ব্যবস্থা থাকলে শনিবার নারীরা এখানে ভোট দিতে পারবেন।”
শান্তি কমিটির পক্ষ থেকে নির্বাচনে কেউ সহিংসতা করলে তাকে ১০ লাখ রুপি জরিমানা এবং তার ঘর জ্বালিয়ে দেয়ার ঘোষণা দেয়।
তবে দক্ষিণ ওয়াজিরিস্তানে নারীদের ভোট দেয়ার সুযোগ থাকলেও পার্শ্ববর্তী উত্তর ওয়াজিরিস্তানে তাদের ভোট দেয়ার বিষয়টি জানা যায়নি। সেখানে তাদেরকে ভোটদানে বিরত থাকতে হুমকি দেয়া হয় বলে স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যম জানায়।
