২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গণহত্যার দায়ে মন্টির ৮০ বছরের কারাদণ্ড

গুয়াতেমালার সাবেক একনায়ক এফরেইন রিওস মন্টির বিরুদ্ধে আনা গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ৮০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে আদালত।

রয়টার্স

.

রয়টার্স

Published : 11 May 2013, 08:05 AM

Updated : 25 Apr 2022, 06:43 PM

৮৬ বছর বয়সী মন্টিকে গণহত্যার দায়ে ৫০ বছর এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে ৩০ বছর অর্থাৎ সর্বমোট ৮০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

রায় ঘোষণার পর জনাকীর্ণ আদালতে উল্লাস প্রকাশ করে মানুষ।

এই প্রথমবারের মত কোনো দেশের রাষ্ট্রপ্রধান নিজদেশে গণহত্যার দায়ে আইনিভাবে অভিযুক্ত হয়ে দণ্ডপ্রাপ্ত হলেন।
১৯৮২ সালে মন্টি এক সেনা অভ্যুত্থানের মাধ্যমে গুয়াতেমালার ক্ষমতা দখল করেন। তার ১৬ মাসের শাসনামলে হাজারো আদিবাসী মায়ান ইস্কিল সম্প্রদায়ের মানুষকে হত্যার অভিযোগ রয়েছে।

তবে এরআগে জেনারেল রিওস মন্টি আদালতে বিচার চলাকালে প্রথমবারের মতো মুখ খুলে নিজেকে নির্দোষ দাবি করেন।

তিনি বলেন, ১৯৮০’র দশকের প্রথমদিকে দেশটির প্রেসিডেন্ট থাকাকালীন ইস্কিল মায়ান আদিবাসীদের হত্যার জন্য তিনি নির্দেশ দিয়েছেন এমন কোনো তথ্য-প্রমাণ নেই।

গুয়াতেমালার ৩৬ বছরের গৃহযুদ্ধে প্রায় আড়াই লাখ মানুষ নিহত হয়।

আদালতে মন্টির বিরুদ্ধে বিচার চলাকালে প্রায় পুরোটা সময়জুড়েই নীরব ছিলেন তিনি। কিন্তু আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শেষ পর্যায়ে চলে আসায় তিনি আত্মপক্ষ সমর্থন না করে থাকতে পারেননি।

৩ জন বিচারকের সমন্বয়ে গঠিত আদালতকে তিনি বলেন, ‘আমি কখনোই গণহত্যার নির্দেশ দেইনি।’

তিনি আরো বলেন, ‘আমি নির্দোষ। জাতীয় সম্প্রদায়, ধর্ম বা আদিবাসী সম্প্রদায়কে নিশ্চিহ্ন করার কোনো ধরনের অভিপ্রায়ই আমার ছিল না’।

মন্টির বিরুদ্ধে ১৯৮২ থেকে ১৯৮৩ সালে ১৬ মাস ক্ষমতায় থাকাকালীন স্কিল মায়ান আদিবাসী সম্প্রদায়ের ১৭শ’রও বেশি মানুষকে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে।

মন্টির বিরুদ্ধে মামলা পরিচালনাকারী আইন কর্মকর্তারা জানিয়েছেন, ১৯৮২-১৯৮৩ সালের মন্টি ক্ষমতায় থাকাকালীন গুয়াতেমালার বামপন্থি বিদ্রোহীদের নির্মূল করার লক্ষ্যে সেনারা ধর্ষণ, নিপীড়ন এবং অগ্নিসংযোগ করে, হত্যা করে সেসব বিষয়ে তিনি একচক্ষু অন্ধ ছিলেন।