পাকিস্তানকে পরিণতি ভোগ করতে হবে: আফগানিস্তান
পাকিস্তান-আফগানিস্তান বিতর্কিত সীমান্তে আর কোনো সংঘর্ষ হলে পাকিস্তানকে এর পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছে আফগানিস্তান।সোমবার সীমান্তে নতুন করে গুলিবিনিময়ের কয়েকঘন্টা পরই আফগানিস্তান এ হুঁশিয়ারি দিল।
পূর্বাঞ্চলীয় আফগান সীমান্তে এক পুলিশ নিহত হওয়ার কয়েকদিন পরই ফের গুলিবিনিময়ের এ ঘটনা ঘটল।
আফগানিস্তানের নানগরহার প্রদেশের কাছে এ গুলিবিনিময় হয়েছে। প্রদেশটির দুই কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, আগের গুলিবিনিময়ের ঘটনায় ক্ষতিগ্রস্ত একটি প্রবেশপথ পাক সেনারা মেরামত করার চেষ্টা নিলে সংঘর্ষ শুরু হয়।
কোন পক্ষ আগে গুলি ছুড়েছে তা স্পষ্ট জানা যায়নি।সংঘর্ষে কেউ হতাহত হয়েছে কিনা তাও জানা যায়নি।কিন্তু এ ঘটনাকে কেন্দ্র করে আফগানিস্তানের রাজধানী কাবুলে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।
বিক্ষোভকারীরা ‘পাকিস্তান নিপাত যাক’ স্লোগান দিচ্ছে।আফগান নিরাপত্তা বাহিনীর সমর্থনে কাবুলে জড়ো হয়েছে প্রায় ৩ হাজার মানুষ।
আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, কোনোরকম উস্কানি ছাড়া পাকিস্তানি বাহিনী আর কোনো হামলা চালালে যে কোনো পরিণতির দায় নিতে হবে পাকিস্তানকে।
সোমবারের সীমান্ত সংঘর্ষ আফগান সেনারাই শুরু করেছে বলে অভিযোগ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক পাকিস্তানি কর্মকর্তা।কিন্তু এ ঘটনার জন্য পাল্টা আফগানিস্তানকে দোষারোপ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র সেদিক সেদ্দিকি।
তিনি বলেন, “আফগান ভূমিতে কোনো ফাঁড়ি বা প্রবেশপথ বিনির্মাণ করা অবৈধ এবং তা ঠেকাতে আমরা যা করার দরকার করতে পারি।”
পাকিস্তানের গুরসাল সামরিক ফাঁড়ি সংলগ্ন প্রবেশপথটিকে আফগানিস্তান তাদের ভূখন্ডে অনুপ্রবেশ বলেই অভিহিত করেছে।
পশ্চিমা বাহিনী আগামী বছর আফগানিস্তান ছাড়ার প্রস্তুতি নেয়ার এ সময়ে দেশটিতে স্থিতিশীলতা ফেরাতে পাকিস্তানের ভূমিকাকে গুরুত্বপূর্ণ হিসাবেই দেখা হচ্ছে।আর সে কারণে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সহযোগিতা বাড়ানোর চেষ্টায় আছে যুক্তরাষ্ট্র অন্যান্য শক্তিধর দেশগুলো।
কিন্তু দু’দেশের মধ্যে সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষের ঘটনা পাক-আফগান সম্পর্কে ঘোরতর অবনতিরই ইঙ্গিত বহন করছে।
