২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সিরিয়ার বিদ্রোহীরা রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে’

জাতিসংঘের মানবাধিকার তদন্তকারীরা সিরিয়ার গৃহযুদ্ধের আহতদের ও চিকিৎসা কর্মীদের কাছ থেকে গৃহীত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ইঙ্গিত পাচ্ছেন, বিদ্রোহী বাহিনীই রাসায়নিক অস্ত্র নার্ভ গ্যাস ‘সারিন’ ব্যবহার করেছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 06 May 2013, 06:28 AM

Updated : 23 Aug 2022, 10:43 AM

রোববার নেতৃস্থানীয় তদন্ত কর্মকর্তা কার্লা দেল পন্টি এ কথা জানিয়েছেন।

তিনি জানান, সিরিয়ায় সরকারী বাহিনী আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ ঘোষিত রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে, জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশন এখনও পর্যন্ত এমন কোনো প্রমাণ পায়নি।

“আমাদের তদন্তকারীরা প্রতিবেশি দেশগুলোতে আহতদের, চিকিৎসকদের ও মাঠ পর্যায়ের হাসপাতালগুলো থেকে সাক্ষাৎকার নিচ্ছে, আমার দেখা গত সপ্তাহে তাদের পাঠানো প্রতিবেদন অনুযায়ী, আহতদের যে চিকিৎসা দেওয়া হচ্ছে তাতে সারিন গ্যাস ব্যবহারের সন্দেহ জোরালো হয়ে উঠেছে, তবে এখনও অকাট্য প্রমাণ পাওয়া যায়নি,” সুইস-ইটালীয় একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকালে বলেন দেল পন্টি।

“বিরোধীপক্ষ থেকে এটি ব্যবহার করা হয়েছে, বিদ্রোহীদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে না,” বলেন সুইজারল্যান্ডের সাবেক এটর্নি জেনারেল পন্টি।

মার্চে সিরিয়ার আলেপ্পো ও দামেস্কর কাছে এবং ডিসেম্বরে হমসে রাসায়নিক অস্ত্র হামলা চালানোর জন্য সিরিয়ার সরকার ও বিদ্রোহীরা পরস্পরকে দায়ী করে আসছে। এ বিষয়ে তদন্ত করার জন্য সিরিয়ার সরকারের পক্ষ থেকে জাতিসংঘকে আহ্ববান জানানো হয়েছে।

২০১১ মার্চ থেকে চলা সিরিয়ার গৃহযুদ্ধে এ পর্যন্ত ৭০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে ও ১২ লাখ মানুষ উদ্বাস্তুর জীবন বেছে নিতে বাধ্য হয়েছে।