২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামা শয়তানের গডফাদার: মাদুরো

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার তীব্র সমালোচনা করে তাকে ‘শয়তানের গডফাদার’ আখ্যা দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

আন্তর্জাতিক ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2013, 11:21 AM

Updated : 23 Aug 2022, 10:42 AM

ওবামা ভেনেজুয়েলার নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসাবে মাদুরোর জয়কে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানানোর পর তার সম্পর্কে এমন মন্তব্য করলেন মাদুরো।এনডিটিভি এ খবর দিয়েছে।

যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সরকার বিরোধীদেরকে নানারকম সহায়তা দিয়ে দেশটির গণতন্ত্র ধ্বংসের অপচেষ্টা চালাচ্ছে অভিযোগ করে মাদুরো বলেন, “কিন্তু আমরা এখানে আমাদের সব প্রতিষ্ঠান, শান্তি, গণতন্ত্র এবং ভেনেজুয়েলার জনগণকে হেফাজত করে চলেছি।জনগণ, শান্তি ও গণতন্ত্রের সুরক্ষায় আমরা এমনকি শয়তানের নেতা ওবামার সঙ্গেও আলোচনায় বসতে প্রস্তুত।”

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর এ ধরনের বক্তব্য সাবেক প্রেসিডেন্ট প্রয়াত উগো চ্যাবেসের স্পষ্টভাষী সমালোচনাকেই স্মরণ করিয়ে দেয়। চ্যাবেসও সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে শয়তান আখ্যা দিয়েছিলেন।

ভেনেজুয়েলায় ১৪ এপ্রিলের নির্বাচনে বিরোধীদলীয় প্রার্থী হেনরিক ক্যাপ্রিলেসকে স্বল্প ব্যবধানে হারিয়ে চ্যাবেসের উত্তরসূরি হিসাবে জয়ী হন মাদুরো।কিন্তু ভোটে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে নির্বাচনী ফল প্রত্যাখ্যান করেন ক্যাপ্রিলেস।

১৪ এপ্রিলের ওই বিতর্কিত নির্বাচনের পর গোটা অঞ্চলই সহিংসতা, বিক্ষোভ এবং বিরোধীদের ওপর দমনপীড়ন প্রত্যক্ষ করে আসছে বলে স্প্যানিশ ভাষার নেটওয়ার্ক ইউনিভিশনে উল্লেখ করেছেন ওবামা।

তাছাড়া, মধ্য আমেরিকার নেতাদের সঙ্গে বৈঠক করতে কোস্টা রিকায় গিয়ে ওবামা বলেছেন, “বৈধ নির্বাচনে ভেনেজুয়েলার জনগণ দেশের নেতা পছন্দ করবে এটাই সাধারণ ব্যাপার বলে আমি মনে করি।”