সর্বজিত হত্যা: এবার পাকিস্তানী বন্দি প্রহৃত
ভারতের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তানের কারাগারে বন্দি সর্বজিত সিং এর ওপর হামলার জেরে এবার ভারতীয় কারাগারে গুরুতরভাবে প্রহৃত হয়েছেন পাকিস্তানী এক বন্দি।
শুক্রবার ভারতের জম্মু ও কাশ্মিরের কট ভালওয়াল কারাগারে এক পাকিস্তানি বন্দিকে মারধরের অভিযোগ উঠেছে এক ভারতীয় বন্দির বিরুদ্ধে।
রানা সানাউল্লাহ নামে ৬৫ বছর বয়সী ওই বন্দির উপর হামলা চালায় এক সাবেক ভারতীয় সেনা। গুরুতর আহত অবস্থায় সানাউল্লাহকে জম্মুর একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লাহোরের কোট লাখপত জেলে পাক বন্দিদের হামলার পর হাসপাতালে সর্বজিতের মৃত্যু হলে ভারতজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ওই ঘটনার জেরেই পাক বন্দি সানউল্লাহর ওপর প্রতিশোধমূলক হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কারাগারের বাগানে সর্বজিতের মৃত্যু নিয়ে সহবন্দির সঙ্গে বাকবিতাণ্ডার এক পর্যায়ে সহবন্দি ওই সাবেক সেনা তাকে বাগানে ব্যবহৃত একটি কৃষিযন্ত্র দিয়ে আঘাত করে বলে জানান কারা তত্ত্বাবধায়ক রজনি সেহগাল।
মাথায় মারাত্মক আঘাত প্রাপ্ত সানাউল্লাহকে জম্মু ও কাশ্মিরের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে হাসাপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।
রজনি সেহগাল বলেন, “মাথায় কয়েকটি মারাত্মক আঘাতসহ আশঙ্কাজনক অবস্থায় তাকে জম্মু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসার জন্য তাকে চন্ডিগড় বা নয়াদিল্লি পাঠানোর ব্যবস্থা করতে আমরা নিবিড় পরিচর্যার ব্যবস্থা সম্পন্ন অ্যাম্বুলেন্স যোগাড় করছি।”
এ ঘটনার নিন্দা জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে।
ওদিকে, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, সানাউল্লাহর অবস্থার উন্নতি হলে তাকে দেখতে হাসপাতালে পাকিস্তানি কূটনীতিকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে।
জঙ্গি তৎপরতাজনিত হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে সানাউল্লাহ ১৭ বছর ধরে জম্মুর কারাগারে বন্দি আছেন বলে সেহগাল জানিয়েছেন।
