মার্কিন নাগরিককে ১৫ বছরের জেল উত্তর কোরিয়ার
উত্তর কোরিয়া একজন মার্কিন নাগরিককে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। তাকে মুক্তি দেয়ার মার্কিন আহ্বান প্রত্যখ্যান করে বৃহস্পতিবার এ রায় দিয়েছে উত্তর কোরিয়ার সুপ্রিম কোর্ট।
যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা চলার মাঝে মার্কিন নাগরিক কেনেথ বায়েকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে উত্তর কোরিয়া। তাকে মুক্তি দেয়ার যুক্তরাষ্ট্রের আহ্বান প্রত্যখ্যান করে বৃহস্পতিবার উত্তর কোরিয়ার সুপ্রিম কোর্ট এ রায় দেয়।
দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ’র খবরে বলা হয়েছে, গত ৩০ এপ্রিল কেনেথ বায়ে'র বিচারের শুনানি অনুষ্ঠিত হয়। কোরিয় বংশোদ্ভুত পায়ে জুন-হো যুক্তরাষ্ট্রে কেনেথ বায়ে নামে পরিচিত।
গত বছর নভেম্বরে ট্যুরিস্ট ভিসা নিয়ে উত্তর কোরিয়ায় প্রবেশের পর কেনেথকে আটক করা হয়। সরকার বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে তাকে এ দণ্ড দেয়া হয়েছে।
উত্তর কোরিয়ার তৃতীয় পরমাণু বোমা পরীক্ষা এবং কোরিয়া উপদ্বীপে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার জেরে ওয়াশিংটনের সঙ্গে যখন পিয়ংইয়ং এর সম্পর্কে তীব্র টানাপড়েনের মধ্যে এ রায় হল।
কেনেথ আটক হওয়ার পর কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, কেনেথ উত্তর কোরিয়ায় অনাহারে থাকা শিশুদের ছবি তুলেছিলেন।তিনি উত্তর কোরিয়ার দারিদ্র্যের চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চেয়েছিলেন। তাছাড়া, উত্তর কোরিয়ার গণমাধ্যমও গত সপ্তাহে খবর দেয় যে, কেনেথ দেশটির সরকার উত্খাতেরও তৎপরতা চালিয়েছেন।
বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, এসব অপরাধের জন্য সুপ্রিম কোর্ট তাকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে।
এর আগে গত সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র প্যাট্রিক ভিনট্রেল বলেছিলেন, "মানবিক কারণে আমরা কেনেথ বায়ে'কে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানাচ্ছি।"
উত্তর কোরিয়া সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকজন মার্কিন নাগরিককে আটক করে।সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও জিমি কার্টার উত্তর কোরিয়া সফরে গিয়ে এসব নাগরিককে ছাড়িয়ে আনেন।
