২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুয়ানতানামো কারাগার বন্ধ করতে হবে: ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা নতুন করে কিউবায় গুয়ানতানামো বে’র বন্দিশিবির বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন।কারগারটিতে বন্দিদের লাগাতার অনশনের মধ্যে ওবামা নবদ্যমে এটি বন্ধের চেষ্টা নিচ্ছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2013, 04:45 PM

Updated : 25 Apr 2022, 06:40 PM

কিউবায় গুয়ানতানামো বে’র মার্কিন বন্দিশিবিরে বন্দিদের লাগাতার অনশনের মধ্যে কারাগারটি বন্ধ করে দেয়ার জন্য নতুন করে চেষ্টা চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য ওই কারাগার ক্ষতিকারক উল্লেখ করে হোয়াইট হাউজে ওবামা বলেন, “গুয়ানতানামো বে কারাগার বন্ধ হতে হবে।” বিবিসি এ খবর দিয়েছে।

মার্কিন কংগ্রেস কারাগারটি বন্ধের চেষ্টায় বাধা দিয়ে আসছে।কিন্তু ওবামা এ বাধা ঠেলে নতুন করে আইনপ্রণেতাদের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন।

গুয়ানতানামো কারাগারে আটক রয়েছে ১৬৬ জন বন্দি।এক যুগেরও বেশি সময় আগে এসব বন্দিকে সন্ত্রাস-বিরোধী অভিযানের নামে আটক করা হয় এবং আজ পর্যন্ত তাদের বিচার শেষ হয়নি।

বিচার ছাড়া দীর্ঘদিন ধরে এ আটক অবস্থার বিরুদ্ধে সম্প্রতি লাগাতার অনশনে নেমেছে শতাধিক বন্দি।তাদের অনেকের অবস্থা গুরুতর পর্যায়ে পৌঁছেছে। এর মধ্যে অনেক বন্দিকেই জোর করে খাবার খাওয়ানো হচ্ছে।

২০০৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় ওবামা গুয়ানতানামো কারাগার বন্ধ করা এবং বন্দিদের বেসামরিক আদালতে বিচারের প্রতিশ্রুতি দিলেও তা হয়ে ওঠেনি।

বন্দিশিবিরটিতে আটকদের মুক্তির দাবিতে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার সংস্থার দাবিও এখন পর্যন্ত উপেক্ষিত।

এমন একটি পরিস্থিতিতে ওবামা মঙ্গলবার এ বন্দিশিবিরকে ‘ঝুলে থাকা সমস্যা’ আখ্যা দিয়ে বলেছেন, এটি বন্ধের ব্যবস্থা না নেয়া হলে পরিস্থিতির আরো অবনতি হবে।

কারগারটি অকার্যকর, এটি যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুন্ন করছে, সন্ত্রাস-বিরোধী যুদ্ধে মিত্রদের সঙ্গে সহযোগিতাও এর কারণে ব্যাহত হচ্ছে উল্লেখ করে ওবামা বলেন, এ কারাগার বন্ধ করে দেয়া দরকার।

“যুক্তরাষ্ট্রকে নিরাপদ রাখতে গুয়ানতানামো কারাগারের প্রয়োজন নেই- একথা বোঝাটা আমাদের জন্য জরুরি বলেই আমি মনে করি”, সাংবাদিকদের বলেন তিনি।