২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনীতিতে আজীবন নিষিদ্ধ মুশাররফ

পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মুশাররফকে মঙ্গলবার রাজনীতিতে আজীবন নিষিদ্ধের রায় দিয়েছে পেশাওয়ারের হাইকোর্ট।

আন্তর্জাতিক ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2013, 12:58 PM

Updated : 23 Aug 2022, 10:40 AM

পাকিস্তানে ১১ মে’র আসন্ন সাধারণ নির্বাচনে চিত্রাল আসন থেকে মনোনয়ন বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মুশাররফের করা আপিলের জবাবে আদালত এ রায় দিয়েছে বলে জানিয়েছে ‘দ্য ডন’।

পেশোয়ার হাইকোর্টের প্রধান বিচারপতি দোস্ত মোহাম্মদ খানের নেতৃত্বাধীন ৪ সদস্যের বেঞ্চ রায়ে বলেছে, “মুশাররফ দু’বার সংবিধান লঙ্ঘন করায় তাকে জাতীয় পরিষদ কিংবা সিনেট কোনটাতেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেয়া যায় না।”

রায় ঘোষণা করে বিচারপতি খান বলেন,“মুশাররফ অবৈধভাবে জরুরি অবস্থা জারি করেছিলেন এবং বিচারবিভাগকে আক্রমণের লক্ষ্যবস্তু করেছিলেন।আর তাই আদালত অবসরপ্রাপ্ত এই জেনারেলের রাজনীতি আজীবনের জন্য নিষিদ্ধ করছে।তিনি জাতীয় এবং প্রাদেশিক পরিষদের পাশাপাশি সিনেট নির্বাচনেও দাঁড়াতে পারবেন না।”

রায়ে এনএ-৩২(চিত্রাল)আসনে মুশাররফের মনোনয়ন বাতিলকে চ্যালেঞ্জ জানিয়ে করা আবেদনও খারিজ করে দেয় আদালত।

অন্যদিকে. পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলায় মুশাররফকে ১৪ দিনের জন্য বিচার বিভাগীয় রিমান্ডের আদেশ দিয়েছে রাওয়ালপিন্ডির সন্ত্রাস-বিরোধী আদালত।

তবে নিরাপত্তার কথা বিবেচনা করে মঙ্গলবার মুশাররফকে আদালতে হাজির করা হয়নি। তাছাড়া, মুশাররফ যৌথ তদন্ত দল পুনর্গঠনের যে আবেদন জানিয়েছিলেন তাও আদালত নাকচ করেছে।\

২০০৭ সালে বেনজির ভুট্টো রাওয়ালপিন্ডিতে নির্বাচনী প্রচারাভিযানকালে আততায়ীর গুলি ও বোমায় নিহত হন। সে সময় ক্ষমতায় ছিলেন জেনারেল পারভেজ মুশাররফ। মুশাররফের বিরুদ্ধে বেনজিরকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগ আনা হয়েছে।

ওই মামলায় ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি’র বিশেষ কৌঁসুলি চৌধুরী জুলফিকার আলী মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, বেনজির হত্যা মামলার তদন্তে সহযোগিতা করছেন না মুশাররফ।

গত সপ্তাহে আদালত মুশাররফকে শারীরিক রিমান্ডে দিয়েছিল। সেই থেকে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি’র তদন্তকারীরা বেনজির হত্যা মামলায় মুশাররফকে জিজ্ঞাসাবাদ করছেন।
আগামী ১১ মে’র নির্বাচনে অংশ নিতে ৪ বছরের স্বেচ্ছা নির্বাসনের অবসান ঘটিয়ে গত ২৪ মার্চ দেশে ফেরেন মুশাররফ।

এরপর ৪টি আসনে মুশাররফের জমা দেওয়া মনোনয়ন বাতিলের পর আদালতের নির্দেশে তাকে গ্রেপ্তার করে ইসলামাবাদে চাক শাহজাদের বাগানবাড়িতে গৃহবন্দি করা হয়।