পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৮
পাকিস্তানের পেশোয়ার বিশ্ববিদ্যালয় সড়কে সোমবার সকালে এক বোমা বিস্ফোরণে অন্ততপক্ষে ৮ ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাবেক এক আফগান মন্ত্রীর ছেলেও রয়েছেন।
এই বিস্ফোরণে ৪৩ জন আহত হয়েছেন বলে দ্য ডন জানিয়েছে।
দুই দফা আফগানিস্তানের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী বর্ষীয়ান জিহাদি নেতা কাজি মুহাম্মাদ আমিন ওয়াকাউদের ছেলে কাজি হিলাল আমিনও ওই বিস্ফোরণে নিহত হয়েছেন। এতে অপর এক আফগান নাগরিক ইদ্রিসও নিহত হয়েছেন।
মুহাম্মাদ আমিন হিজাব-ই-ইসলাম নামে এক জঙ্গি গোষ্ঠীর নেতা ছিলেন। গুলবাদিন হিকমাতিয়ারের নেতৃত্বাধীন ওই সংগঠনের দ্বিতীয় শীর্ষ নেতা ছিলেন তিনি।
কিন্তু পরবর্তী সময়ে তিনি ওই সংগঠন থেকে বের হয়ে গিয়ে নিজেই পৃথক সংগঠন গড়ে তোলেন।
১৯৯২ সালে আমিন স্বল্প সময়ের জন্য যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পান। ২০০৪ সালে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই তাকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেন। পরবর্তী সময়ে তিনি হামিদ কারজাইয়ের বিরোধিতা করেন।
আফগানিস্তানের উচ্চ শান্তি পর্ষদের একজন সদস্য আমিন। এই পর্ষদ তালেবান ও কারজাই সরকারের মধ্যে আলোচনা চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আফগান কনস্যুলেট কর্মকর্তারা জানিয়েছেন, জঙ্গিবাদকে প্রত্যাখ্যানের জন্য কাজি হিলাল আফগান ও পাকিস্তানি ধর্মীয় স্কলারদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করছিলেন। তিনি এখানে আমন্ত্রিত হয়ে এসেছিলেন।
জ্যেষ্ঠ সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ ইমরান শহিদ জানিয়েছেন, হামলাকারী মটরসাইকেলে করে এসেছিল। আর এই হামলা আত্মঘাতী হামলা হয়ে থাকে পারে।
