২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালির রাজনৈতিক অচলাবস্থার অবসান

নতুন প্রধানমন্ত্রী এনরিকো লেত্তার নেতৃত্বে জোট সরকার গঠণের মধ্যদিয়ে দুই মাস ধরে চলা ইতালির রাজনৈতিক অচলাবস্থার অবসান হয়েছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 28 Apr 2013, 06:13 AM

Updated : 23 Aug 2022, 10:39 AM

শনিবার নতুন জোট সরকারের মন্ত্রীদের নাম ঘোষণা করেন লেত্তা।

সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির ঘনিষ্ঠ এক সহযোগীকে জোট সরকারের উপপ্রধানমন্ত্রী করা হয়েছে।

প্রধানমন্ত্রী লেত্তা জানিয়েছেন, সরকার প্রধান হিসেবে তিনি দেশের অর্থনীতি, বেকারত্ব সমস্যা এবং রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনাকে সর্বাধিক গুরুত্ব দেবেন।

এছাড়া মন্দা মোকাবিলায় ইউরোপের গৃহীত কৃচ্ছ নীতির পরিবর্তে বিনিয়োগ ও উৎপাদন বৃদ্ধির দিকে জোর দিবেন বলে জানিয়েছেন তিনি।

ফেব্রুয়ারির শেষদিকে ইউরো জোনের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ইতালিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু কোনো দল একক সংখ্যা গরিষ্ঠতা না পাওয়ায় নির্বাচনের পর সরকার গঠন প্রশ্নে রাজনৈতিক অচলাবস্থা দেখা দেয়।

এ অবস্থায় দ্বিতীয়বারের মতো নির্বাচিত প্রেসিডেন্ট জিওর্জো ন্যাপলিতানো ডেমক্রেটিক পার্টির (পিডি) উপপ্রধান ৪৬ বছর বয়সী মধ্য-বামপন্থী রাজনীতিবিদ এনরিকো লেত্তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।

তিনদিনের ব্যাপক আলাপ-আলোচনার পর লেত্তার নেতৃত্বে জোট সরকার গঠনে একমত হয় প্রতিদ্বন্দ্বী প্রধান রাজনৈতিক দলগুলো।

সরকার গঠনের পর লেত্তা বলেছেন, প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিনদিনের আলোচনার পর অল্প কিছু প্রধান রাজনৈতিক ব্যক্তিত্ব ও রেকর্ড সংখ্যক নারী মন্ত্রী নিয়ে সরকার গঠন করতে পেরে তিনি “মোটামুটি সন্তুষ্ট”।

বালুসকোনির প্রধান রাজনৈতিক সহযোগী গিয়ান্নি লেত্তার সঙ্গে প্রধানমন্ত্রী লেত্তার সম্পর্কের সূত্র ধরে জোট সরকারে যোগ দেননি নির্বাচনে তৃতীয় স্থান পাওয়া ফাইভ স্টার মুভমেন্টের প্রধান বেপ্পে গ্রিল্লো।

সরকারে বার্লুসকোনির পিপলস অব ফ্রিডম (পিডিএল) পার্টির সম্পাদক অ্যাঞ্জেলিনো আলফানো উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন। এতে নতুন সরকারে মধ্য-ডানপন্থীদের শক্ত অবস্থান থাকবে বলে ধারণা করা হচ্ছে।

কিন্তু মন্ত্রীসভার অন্যান্য প্রভাবশালী পদগুলোতে অপেক্ষাকৃত কম পরিচিত রাজনীতিবিদ ও টেকনোক্র্যাটদের নেওয়া হয়েছে।

রোববার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় নতুন সরকারের শপথ নেওয়া কথা আছে। পরের দিন সোমবার নতুন সরকারের প্রশ্নে পার্লামেন্টে আস্থা ভোট হতে পারে বলে জানা গেছে।

কোনো দ্বন্দ্ব-বিরোধ ছাড়াই নতুন সরকার দ্রুত কাজ শুরু করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ন্যাপলিতানো।