২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেনজির হত্যা মামলায় রিমান্ডে মুশাররফ

পাকিস্তানের সাবেক সেনা শাসক জেনারেল পারভেজ মুশাররফকে ৩০ এপ্রিল পর্যন্ত রিমান্ড দিয়েছে আদালত।সাবেক পাক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলার শুনানিতে শুক্রবার মুশাররফকে রিমান্ডে রাখার এ নির্দেশ দেয় রাওয়ালপিন্ডির সন্ত্রাস-বিরোধী আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

. অান্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2013, 11:37 AM

Updated : 23 Aug 2022, 10:39 AM

আদালত ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির(এফআইএ)হেফাজতে মুশাররফকে রিমান্ডে রাখার নির্দেশ দিলেও এ সময়টাতে ইসলামাবাদের চাক শাহজাদ এলাকার খামার বাড়িতেই গৃহবন্দি থাকবেন তিনি।

বৃহস্পতিবার বেনজির মামলায় এফআইএ মুশাররফকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করে এবং জিজ্ঞাসাবাদও করা হয়েছে।শুক্রবার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে শুনানির জন্য মুশাররফ হাজির হওয়ার পর রিমান্ডের নির্দেশ দেয়া হয়।

সন্ত্রাস-বিরোধী আদালতের অনুমতি নিয়েই তাকে গৃহবন্দি রাখা হচ্ছে বলে জানিয়েছে ‘দ্য ডন’ পত্রিকা।

২০০৭ সালের ২৭ ডিসেম্বরে নির্বাচনী প্রচারাভিযান চালানোর সময় নিহত হন বেনজির। ওই সময় পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন জেনারেল মুশাররফ। এ ঘটনায় মুশাররফের বিরুদ্ধে অভিযোগ, তিনি বেনজিরকে প্রয়োজনীয় নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছিলেন।

পাকিস্তানে ১১ মে’র সাধারণ নির্বাচনে অংশ নিতে চার বছরের সেচ্ছা নির্বাসনের অবসান ঘটিয়ে সদ্য দেশে ফেরা মুশাররফের বিরুদ্ধে বিচারকদের আটক, বেনজির হত্যা মামলা থেকে শুরু করে নানা মামলা এমনকি দেশদ্রোহের মামলাও রয়েছে।

এর মধ্যে ক্ষমতায় থাকাকালে প্রধান বিচারপতিসহ বহু বিচারপতিকে আটক করার অভিযোগে দায়ের হওয়া মামলায় মুশাররফকে সম্প্রতি চাক শাহজাদের খামার বাড়িতে গৃহবন্দি করা হয়।