২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এইচ৭এন৯ ফ্লু সংক্রমণ ঘটছে মুরগি থেকে

চীনে প্রাণঘাতী এইচ৭এন৯ বার্ড ফ্লু মুরগি থেকেই মানবদেহে সংক্রমিত হচ্ছে বলে প্রথম নিশ্চিত তথ্য দিয়েছেন দেশটির বিজ্ঞানীরা।যে ফ্লুতে চীনে এ পর্যন্ত মারা গেছে ২৩ জন এবং আক্রান্ত হয়েছে ১০৯ জন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 25 Apr 2013, 04:21 PM

Updated : 23 Aug 2022, 10:38 AM

ভাইরাসটি মানুষ থেকে মানুষে ছড়ানোর কোনো আলামত পাওয়া না গেলেও এটি মারাত্মক ধরনের ভাইরাস এবং এইচ৫এন১ ফ্লুর ( ২০০৩ সালে যে ফ্লুতে বিশ্বজুড়ে মারা যায় শত শত মানুষ) চেয়ে সহজে ছড়ায় বলে আগেই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
চীনা বিজ্ঞানীরা ল্যানসেট মেডিকেল জার্নালের অনলাইন সংস্করণে তাদের প্রকাশিত গবেষণা প্রতিবেদনে ডব্লিউএইচও’র এ বক্তব্যের পুনরাবৃত্তি করে জানিয়েছে, ভাইরাসটি মানুষ থেকে মানুষে ছড়ানোর প্রমাণ এখন পর্যন্ত মেলেনি।

গবেষণার নেতৃত্বদানকারী গবেষক হংকং বিশ্ববিদ্যালয়ের কোওক-ইয়ুং ইউয়েন বলেন, গবেষণায় তারা মুরগি থেকে মানুষের মধ্যে ফ্লু সংক্রমণের আলামত পেয়েছেন।কাজেই এ রোগ প্রতিরোধ করতে হলে অগ্রাধিকার ভিত্তিতে মুরগি এবং মুরগির খামারগুলোকে ভাইরাসমুক্ত করার চেষ্টা চালানো উচিত।

এক্ষেত্রে মুরগি এবং পাখির খামারগুলো সাময়িকভাবে বন্ধ রাখা ছাড়াও, ফ্লু সংক্রমণের ব্যাপারে সতর্কতা অবলম্বন, মুরগি নিধন এবং বিভিন্ন জাতের মুরগি-পাখিদেরকে আলাদা আলাদাভাবে রেখে ফ্লু মহামারী ঠেকানো যেতে পারে বলে মত দিয়েছেন গবেষকরা।

গবেষণায় পোল্ট্রি থেকে মানবদেহে ভাইরাস সংক্রমণের স্পষ্ট আলামত পাওয়া গেছে জানিয়ে গবেষকরা বলেছেন, মুরগি খামারগুলোতে এ মহামারি রোধ করার ওপরই মানবদেহে এ ফ্লু সংক্রমণ নিয়ন্ত্রণে রাখার বিষয়টি নির্ভর করছে।

তবে এইচ৭এন৯ ভাইরাসটিতে এ পর্যন্ত যত মানুষ আক্রান্ত হয়েছেন তাদের সবার ক্ষেত্রেই মুরগি থেকে ভাইরাস সংক্রমণ ঘটেছে কিনা তা নিশ্চিত করে বলতে পারেন নি বিজ্ঞানীরা।কিন্তু মুরগি এ ভাইরাস সংক্রমণের একটি উৎস এ সম্পর্কে তারা নিশ্চিত হয়েছেন।

ডব্লিউএইচও বলছে, এইচ৭এন৯ আক্রান্ত ৪০ শতাংশ মানুষই মুরগির সংস্পর্শে আসেনি বলে মনে করছে তারা।

পুরনো খবর:

বার্ড ফ্লু আতঙ্কে এশিয়ার বিমানবন্দরগুলোতে কড়াকড়ি