২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেনজির মামলায় মুশাররফের জামিন আবেদন নাকচ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলায় সাবেক সেনাশাসক পারভেজ মুশাররফের জামিন আবেদন বুধবার নাকচ করেছে লাহোর হাইকোর্টের রওয়ালপিন্ডি ডিভিশন বেঞ্চ।

আন্তর্জাতিক ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2013, 01:06 PM

Updated : 25 Apr 2022, 06:39 PM

বেঁধে দেয়া সময়ের মধ্যে মুশাররফের আইনজীবী আপিল আবেদনের শুনানিতে অংশগ্রহণ না করায় জামিন নাকচ করা হয়।
পাকিস্তানের ফেডারেল তদন্ত সংস্থা (এফআইএ) এর আইনজীবী চৌধুরি জুলফিকার বলেছেন, পারভেজ মুশাররফের আপিল আবেদন নাকচ হয়ে যাওয়ার ফলে এখন তাকে যে কোনো সময় গ্রেফতার করে কারাগারে পাঠানো হতে পারে।`দ্য ডন’ এ খবর দিয়েছে।

২০০৭ সালের ডিসেম্বরে রাওয়ালপিন্ডিতে নির্বাচনী প্রচারাভিযানকালে বোমা হামলা ও গুলিতে নিহত হন সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো।

ওই হত্যা মামলায় জামিন পাওয়ার আবেদন করেছিলেন মুশাররফ। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি বেনজিরকে প্রয়োজনীয় নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছিলেন।

বুধবার সকালে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মুশাররফের আইনজীবীকে তার আবেদনের শুনানিতে অংশগ্রহণের জন্য এক ঘন্টা সময় দিলেও আইনজীবী ওই সময়ের মধ্যে শুনানিতে অংশ নিতে অপারগতা প্রকাশ করে শুনানি মুলতবির জন্য আবেদন করেন।

কিন্তু মুশাররফ আরেকটি মামলায় আটক এবং গৃহবন্দি রয়েছেন এযুক্তিতে ওই আবেদনের বিরোধিতা করেন মামলার সরকারি আইনজীবী ।

ক্ষমতায় থাকার সময় প্রধান বিচারপতিসহ বহু বিচারপতিকে আটক করার অভিযোগে মুশাররফকে সম্প্রতি নিজ বাসভবনে গৃহবন্দি করা হয়।