২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে সুন্নি বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ, নিহত ২০

ইরাকের উত্তরাঞ্চলে সুন্নি আরব বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে ২০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2013, 07:19 AM

Updated : 23 Aug 2022, 10:38 AM

কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি বুধবার এ তথ্য জানিয়েছে।

ইরাকের কিরকুকের কাছে হাউয়িজায় মঙ্গলবার সরকারবিরোধী প্রতিবাদ শিবিরে নিরাপত্তা বাহিনী অভিযান চালালে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

দেশটির মন্ত্রিসভার দুই সুন্নি মন্ত্রী নিরাপত্তা বাহিনীর অভিযানের প্রতিবাদে পদত্যাগ করেছেন।

সাম্প্রতিক সময়ে এটিই ইরাকে নিরাপত্তা বাহিনী সঙ্গে সুন্নি বিক্ষোভকারীদের সবচেয়ে ভয়াবহ সংঘর্ষের ঘটনা।

সরকার বৈষম্য করছে দাবি করে প্রধানমন্ত্রী নুরি আল মালিকির বিরুদ্ধে সুন্নি অধ্যুষিত অঞ্চলে লাখো সুন্নি মুসলিম আন্দোলন-বিক্ষোভ করছে।

কিন্তু এ অভিযোগ প্রত্যাখ্যান করে সরকার এই বিক্ষোভের পেছনে জঙ্গি গোষ্ঠীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছে।

শুক্রবার থেকে হাউজিয়া নিরাপত্তা বাহিনী ঘিরে রেখেছিল।

িক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে এক ইরাকি কর্মকর্তা নিহত হওয়ার পর ওই বিক্ষোভশিবিরটি ঘিরে রাখা হয়। ওই ঘটনায় জড়িত সন্দেহভাজনদের হস্তান্তরে অধিবাসীরা অস্বীকৃতি জানানোর পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়।

সোমবার এ বিষয়ে মধ্যস্থতার চূড়ান্ত পদক্ষেপ ব্যর্থ হওয়ার পর নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করে। সরকার দাবি করেছে, ওই এলাকায় অভিযান শুরুর জন্য নিরাপত্তা বাহিনী উপস্থিত হওয়া মাত্র হামলার শিকার হয়। নিরাপত্তা বাহিনীও পাল্টা জবাব দিলে হতাহতের ঘটনা ঘটে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২০জন ‘অস্ত্রধারী’ এবং নিরাপত্তা বাহিনীর ৩ কর্মকর্তা অভিযানে নিহত হয়েছে। তবে অন্যান্য কর্মকর্তারা জানিয়েছেন, এ অভিযানে ২৭ জন নিহত হয়েছে।