বিতর্কিত জলসীমায় ৮ চীনা জাহাজ, জাপানের হুমকি
পূর্ব চীন সাগরের বিতর্কিত দ্বীপপুঞ্জে চীন অবতরণের চেষ্টা করলে শক্তি প্রয়োগ করে এর জবাব দেয়ার হুমকি দিয়েছে জাপান।
চীনের ৮টি যুদ্ধজাহাজ বিতর্কিত দ্বীপপুঞ্জের জলসীমায় প্রবেশ করার পর জাপানের প্রধানমন্ত্রী শিনজো অাবে মঙ্গলবার এ হুমকি দেন।
বিতর্কিত ওই জলসীমায় ১০টি জাপানি মাছ ধরার নৌকার পাশাপাশি দেশটির উপকূলরক্ষীদেরকেও টহল দিতে দেখা গেছে।
চীন বলছে, দ্বীপপুঞ্জের জলসীমায় জাপানি জাহাজ নজরে আসার পর তারা সেখানে টহলরত যুদ্ধজাহাজের সংখ্যা বাড়িয়েছে।
চীনের ‘স্টেট ওশেনিক অ্যাডমিনিস্ট্রেশন’ এক বিবৃতিতে বলেছে, তাদের তিনটি জাহাজ দ্বীপপুঞ্জের আশেপাশে কয়েকটি জাপানি জাহাজ দেখামাত্র আরো ৫ টি জাহাজ পূর্ব চীন সাগরে পাঠায়।
শিনজো আবে গত ডিসেম্বরে জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এই প্রথম কড়া ভাষায় চীনের এ পদক্ষেপের বিরুদ্ধে কথা বলেছেন।তিনি পার্লামেন্টে এক বক্তব্যে চীনের বিরুদ্ধে শক্তি প্রয়োগের ওই হুমকি দেন।
চীনা জাহাজগুলো বিতর্কিত দ্বীপপুঞ্জে ভেড়ার চেষ্টা করলে কি করবেন- এ প্রশ্নের জবাবে পার্লামেন্টে আবে বলেন, শক্তি প্রয়োগ করে তাদেরকে হটিয়ে দেয়া হবে।
“আমাদের ভূখন্ডে কোনো অনুপ্রবেশ ঘটলে বা দ্বীপপুঞ্জে নামার কোনো চেষ্টা দেখা গেলে তা আমরা কঠোরহস্তে মোকাবেলা করব; আবে সরকার এ নিশ্চয়তা দিচ্ছে,” বলেন তিনি।
জাপান সরকারের শীর্ষ মুখপাত্র বিতর্কিত জলসীমায় চীনা জাহাজ প্রবেশের ঘটনাকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন। তাছাড়া, এ ঘটনার প্রতিবাদ জানানোর জন্য টোকিওতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতকেও তলব করা হয়েছে বলে জানানো হয়েছে বিবিসি’র খবরে।
পূর্ব চীন সাগরের বিতর্কিত দ্বীপপুঞ্জ জাপানের কাছে সেনকাকু হিসেবে পরিচিত।আর চীন এটিকে দিয়ায়ু নামে চেনে। চীন ও জাপানের মধ্যবর্তী জলসীমায় অবস্থিত ওই দ্বীপপুঞ্জের মালিকানা দু'দেশই দাবি করে আসছে।
২০১২ সালের সেপ্টেম্বরে জাপান দিয়ায়ুর কিছু অংশ জাতীয়করণ করলে এটি নিয়ে দু'দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়।
