পুলিশ হেফাজতে পারভেজ মুশাররফ
পাকিস্তানের আদালত সাবেক সেনাশাসক পারভেজ মুশাররফকে গৃহবন্দি রাখার নির্দেশ দেয়ার কয়েকঘণ্টা পর শুক্রবার তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
ইসলামাবাদের পুলিশ সদরদপ্তরে মুশাররফকে নেয়া হয় বলে জানিয়েছেন তার মুখপাত্র মোহাম্মদ আমজাদ।
তিনি বলেন, পুলিশ কড়া পাহারা দিয়ে মুশাররফকে তার বাড়ি থেকে ইসলামাবাদে পুলিশের সদরদপ্তরের একটি অতিথিশালায় নিয়ে যায়। আদালতে শুনানির আগে মুশাররফকে সেখানে দুই দিন রিমান্ডে রাখা হবে।
ঊদ্ধতন এক পুলিশ কর্মকর্তা আদালতের নির্দেশানুযায়ী মুশাররফকে গৃহবন্দি রাখার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ামাফিক কাজ সম্পন্ন করতে ব্যর্থ হওয়ার কারণেই পুলিশ তাকে কাস্টডিতে নিয়েছে বলে জানান আমজাদ। তবে এ ব্যাপারে পুলিশের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায় নি।
গ্রেপ্তার হওয়া মুশাররফকে শুক্রবার ৪৮ ঘন্টা গৃহবন্দি রাখার নির্দেশ দেয় আদালত। এ উদ্দেশ্যে ইসলামাবাদের শহরতলী চক শাহজাদে অবস্থিত মুশাররফের খামার বাড়িকে সাব-জেল হিসেবে ঘোষণা করা হয়।
শুক্রবার চক শাহজাদের ওই বাসভবন থেকে মুশাররফকে গ্রেপ্তার করা হয়।
পাকিস্তানের টেলিভিশনগুলোর খবরে দেখা যায়, পুলিশ কর্মকর্তারা মুশাররফকে ইসলামাবাদের আদালতে নিয়ে যাচ্ছেন।
প্রেসিডেন্ট থাকাকালে দেশের স্বার্বভৌমত্ব হানিকর পদক্ষেপের জন্য মুশাররফকে গ্রেপ্তার করা হয়। পরে আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে তাকে বাড়ি ফেরার অনুমতি দেয় আদালত।
বৃহস্পতিবার সর্বোচ্চ আদালতের এক বিচারক মুশাররফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মুশাররফ স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করেছেন বলে দাবী করেছেন মুশাররফের আইনজীবী কামার আফজাল।
