২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেসার কুকারে ‘বানানো হয়’ বস্টনের বোমা

প্রেসার কুকারে শক্তিশালী বোমা তৈরি করে তা ব্যাগের মধ্যে রেখে বস্টন ম্যারাথনে বিস্ফোরণ ঘটানো হয় বলে তদন্তকারীরা ধারণা করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

. .

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2013, 05:58 AM

Updated : 13 Oct 2022, 02:50 PM

পুরনো খবর:

বিস্ফোরণে বিক্ষত দেহে শেষ হলো ম্যারাথন

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের যৌথ বুলেটিনের আলোকচিত্রে দেখা যায়, ঘটনাস্থল থেকে উদ্ধার করা বস্তুর মধ্যে একটি কালো রঙের ব্যাগ ও প্রেসার কুকারের ধ্বংসাবশেষ রয়েছে।

সোমবার যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস রাজ্যের রাজধানী বস্টনের বয়েলস্টন স্ট্রিটে দৌঁড় প্রতিযোগিতার ‘ফিনিশিং লাইনের’ কাছাকাছি পর পর দুটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ে এক শিশুসহ তিন জন। আহত হন অন্তত ১৭৬ জন, যাদের মধ্যে অনেক দৌড়বিদ রয়েছেন।

আহত ১৭ জনের অবস্থা এখনো আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

নিহতদের শেষকৃত্যে অংশ নিতে বৃহস্পতিবার বস্টনে যাওয়ার কথা রয়েছে প্রেসিডেন্ট বারাক ওবামার। মঙ্গলবার এই বিস্ফোরণকে ‘সন্ত্রাসী হামলা’ বলে মন্তব্য করেছেন তিনি। হামলার পর রাজধানী ওয়াশিংটন, নিউ ইয়র্কসহ যুক্তরাষ্ট্রের সব বড় শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে, ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে চিঠি আদান-প্রদান বন্ধ করা হয়েছে। মিসিসিপির রিপাবলিকান সিনেটর রজার উইকির কাছে আসা একটি চিঠির খামে বিষাক্ত উপাদান ধরা পড়ার পর এ সিদ্ধান্ত নিয়েছে তারা।

বস্টন বোমা হামলা তদন্তের দায়িত্বে থাকা এফবিআইয়ের স্পেশাল এজেন্ট রিচার্ড ডেসলরিয়ার্স মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, বিস্ফোরণস্থল থেকে নাইলনের টুকরো, বল বেয়ারিং ও পেরেকের ক্ষুদ্র অংশ উদ্ধার করা হয়েছে। সেগুলো প্রেসার কুকারের ভিতরের বিস্ফোরকে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

উদ্ধার করা এসব উপাদান পরীক্ষা-নিরীক্ষার জন্য ভার্জিনিয়ার কুয়ানটিকোয় এফবিআইয়ের গবেষণাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এই গোয়েন্দা কর্মকর্তা বলেন, “আজ সকালে এটা নিশ্চিত হওয়া গেছে যে, দুটো বোমাই কালো রংয়ের নাইলনের ব্যাগে রাখা ছিল। বিস্ফোরক থাকায় ওই ব্যাগ খুব ভারী ছিল বলে ধারণা করা হচ্ছে।”

বস্টনের ডব্লিউএইচডিএইচ টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা যায়, বিস্ফোরণের আগে বিস্ফোরণস্থলে হালকা রংয়ের একটি ব্যাগ পড়ে ছিল।

কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এ হামলার দায় স্বীকার করেনি। হামলায় জড়িত সন্দেহে কেউ গ্রেপ্তারও হয়নি।

“হামলার কারণ ও কারা এ হামলা করেছে সে বিষয়ে এথনো কোনো নির্দিষ্ট দিকে দৃষ্টি দেয়ার সময় আসেনি। এখনো সব দিক খতিয়ে দেখা হচ্ছে,” বলেন এফবিআই কর্মকর্তা ডেসলরিয়ার্স।

বিস্ফোরণের আগে সেখানে কারো আচরণ কারো কাছে সন্দেহজনক মনে হলে তার সম্পর্কে তথ্য দেয়ার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে, তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাত দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেস বলেছে, এক দশমিক ৬ গ্যালনের প্রেসার কুকারে বোমাগুলো বানানো হয়। একটি বোমায় ধাতব টুকরো ও বল বেয়ারিং এবং অন্যটিতে পেরেক রাখা হয়েছিল।