বিস্ফোরণে বিক্ষত দেহে শেষ হলো ম্যারাথন
ম্যারাথন দৌঁড় শেষ করে যেখানে প্রিয়জনের আলিঙ্গনে ধরা দেয়ার কথা ছিল সেখানে বোমার আঘাতে ক্ষত-বিক্ষত দেহ নিয়ে রাস্তায় লুটিয়ে পড়েন অনেকে।
সোমবার যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস রাজ্যের রাজধানী বস্টনে এ দৃশ্যের অবতারণা ঘটে।
স্থানীয় সময় বেলা পৌনে ৩টার দিকে বস্টনের বয়েলস্টন স্ট্রিটে দৌঁড় প্রতিযোগিতার ‘ফিনিশিং লাইনের’ কাছাকাছি পর পর দুটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ে এক শিশুসহ তিন জন। আহত হন অন্তত ১৪৪ জন, যাদের মধ্যে অনেক দৌড়বিদও রয়েছেন।
হামলার ভয়াবহতা উঠে এসেছে এই প্রতিযোগিতায় অংশ নেয়া রোড আইল্যান্ড স্টেটের সৈনিক রুপেন বাসতাজিয়ানের (৩৫) বর্ণনায়।
“চারপাশে রক্ত আর রক্ত। সর্বত্র রক্ত। আপনি ছিন্ন-বিচ্ছিন্ন হাড় ও মাংসপিণ্ড দেখতে পাবেন। এটা ভয়ানক।”
বিস্ফোরণের পরপরই আহত দৌড়বিদদের সহায়তায় এগিয়ে যান বাসতাজিয়ান।
“আমি অন্তত পাঁচ থেকে ছয় জনের পা ব্যান্ডেজ দিয়ে বেঁধে দিয়েছি,” বলেন তিনি।
১৮৯৭ সাল থেকে প্রতি বছর ম্যাসাচুসেটসের প্যাট্রিয়টস ডেতে বস্টনে ম্যারাথন প্রতিযোগিতা হয়ে আসছে। প্রতি বছর প্রায় ২০ হাজার দৌড়বিদ এ প্রতিযোগিতায় অংশ নেন। প্রায় পাঁচ লাখ দর্শক উপভোগ করেন এ প্রতিযোগিতা।
এ বছরও ২৩ হাজার দৌড়বিদ ২৬ দশমিক ২ কিলোমিটারের এ দৌড় প্রতিযোগিতায় অংশ নেন, যাদের মধ্যে ১৭ হাজার ৫৮০ জন ফিনিশিং লাইন অতিক্রম করেন।
২৭ বছরের ডিয়েড্রি হ্যাটফিল্ড ফিনিশিং লাইনের কয়েক পা দূরে থাকতে বিস্ফোরণের শব্দ শুনতে পান। রাস্তার উপরে অনেককে পড়ে যেতে দেখেন তিনি। তিনি দেখতে পান, অচেতন হয়ে পড়ে আছে বেশ কয়েকজন শিশু, অনেকের দিকে তাকিয়ে দেখেন তাদের শরীর থেকে পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
হ্যাটফিল্ড বলেন, “আমার চারপাশে যখন মানুষগুলো রাস্তায় পড়ছিল তখন আমি ভাবছিলাম, আমি কি পুড়ে যাচ্ছি? আমি মনে হয় পুড়ছি, কিন্তু বুঝতে পারছি না। আমি চাইছিলাম, আমি বোমায় উড়ে গেলে যেন তা অনুভব করতে না পারি।”
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর অনেকে দৌড় থামিয়ে মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়েন। তারা কি করবেন বুঝতে পারছিলেন না। তাদের চোখে-মুখে ছিল আতঙ্কের ছাপ। আবার অনেকে ঘুরে যে পথ দিয়ে আসছিলেন সেদিকেই দৌড়াতে শুরু করেন।
এবারই প্রথম এই ম্যারাথনে অংশ নেন ২১ বছরের তরুণী সারাহ জোসি। দৌড় শেষ করার পরপরই তিনি বিস্ফোরণের শব্দ শুনতে পান।
“এটা খুবই বেদনাদায়ক যে, আপনি মাত্র ম্যারাথন শেষ করলেন এবং তারপরেও আপনাকে দৌঁড়াতে হচ্ছে,” বলেন তিনি।
বিস্ফোরণস্থলের পাশের একটি ভবনের তৃতীয় তলায় উৎসব করছিলেন ব্রুস মেন্ডেলসন (৪৪), যার ভাই অ্যারোন খানিক আগে দৌঁড় শেষ করেন।
বিস্ফোরণের শব্দ শুনেই তিনি বাইরে আসেন।
“রাস্তা ও এর পাশের ফুটপাতে ছিল রক্ত আর রক্ত,” বলেন তিনি।
হামলায় আহতদের সামলাতে হিমশিম খাচ্ছে বস্টনের হাসপাতালগুলো।
ম্যাসাচুসেটস সদর হাসপাতালের এক মুখপাত্র জানান, তাদের হাসপাতালে ২৯ জন ভর্তি হয়েছেন, যাদের আট জনের অবস্থা আশঙ্কাজনক।
রাতে বস্টনের ব্রিগহ্যাম অ্যান্ড উইমেনস হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হামলায় আহত ৩১ জন তাদের হাসপাতালে গেছেন, যাদের মধ্যে তিন বছরের শিশু থেকে ৬০ বছরের বৃদ্ধ রয়েছেন। তাদের মধ্যে ১০ জন গুরুতর আহত এবং দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
