২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘নিউক্লিয়ার অস্ত্রসজ্জিত ক্ষেপণাস্ত্র আছে উত্তর কোরিয়ার’

তবে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ক্ষেপণাস্ত্রে নিউক্লিয়ার ওয়ারহেড স্থাপনে উত্তর কোরিয়া সক্ষম হয়েছে বলে তারা বিশ্বাস করে না।

রয়টার্স

.

রয়টার্স

Published : 12 Apr 2013, 06:46 AM

Updated : 23 Aug 2022, 10:33 AM

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের অধীনস্ত গোয়েন্দা সংস্থা ডিআইএ উত্তর কোরিয়ার হাতে নিউক্লিয়ার অস্ত্র সজ্জিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে বলে জানিয়েছে।

তবে গোয়েন্দা সংস্থাটির এই প্রতিবেদন প্রকাশের পরপরই যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা ও দক্ষিণ কোরিয়া এ সম্ভাবনা বাতিল করে দিয়েছে।

পেন্টাগনের প্রতিরক্ষা গোয়েন্দো সংস্থা ডিআইএ বলেছে, এ ধরনের অস্ত্রের বিষয়টি ধোঁকাও হতে পারে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এক সফরে সিউলে পৌঁছানোর কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের এক আইন প্রণেতা ওয়াশিংটনে গোয়েন্দা সংস্থাটির এ পর্যালোচনা জনসম্মুখে প্রকাশ করেন।

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সাঙ এর জন্মবার্ষিকীকে সামনে রেখে শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে পিয়ংইয়ং একটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করবে বলে অবস্থা দৃষ্টে ধারণা করা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ক্ষেপণাস্ত্রে নিউক্লিয়ার ওয়ারহেড স্থাপনে উত্তর কোরিয়া সক্ষম হয়েছে বলে তারা বিশ্বাস করে না।

ডিআইএ’র এই প্রতিবেদন সত্বেও পেন্টাগনের মুখপাত্র এবং যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক উভয়েই প্রতিবেদনটিকে “সঠিক নয়” বলে মন্তব্য করেছেন। উত্তর কোরিয়ার নিউক্লিয়ার ক্ষেপণাস্ত্র ছোড়ার ক্ষমতা আছে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তারা।

২০০৩ সালে ইরাক যুদ্ধ শুরু হওয়ার পর ভুল তথ্য দেওয়ার কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল ডিআইএ। যুদ্ধের আগে বাগদাদের কাছে ব্যাপক বিধ্বংসী অস্ত্র আছে বলে তথ্য দিয়েছিল সংস্থাটি, কিন্তু পরে এর কোনো প্রমাণ পাওয়া যায়নি।

কোরিয়া উপদ্বীপে উত্তেজনা ছড়িয়ে পরার এক মাসেরও বেশি আগে ডিআইএ এ প্রতিবেদনটি তৈরি করেছিল।

যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়া দখল করে নেওয়ার পরিকল্পনা করছে বলে অভিযোগ করে ওয়াশিংটন ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে নিউক্লিয়ার যুদ্ধ শুরু করার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। হুমকি দিলেও যুদ্ধ শুরু করার কোনো অভিপ্রায় উত্তর কোরিয়ার নেই বলেই বেশিরভাগ পর্যবেক্ষকের ধারণা।