২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চোখের ‘খরতা’ ঢাকত তার মুখের ‘মায়ায়’

বিশ শতকের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে ছিলেন মার্গারেট থ্যাচার, কঠোরতার জন্য যাকে বলা হত লৌহমানবী।

হুসাইন আহমদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2013, 07:24 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

সোমবার মৃত্যুর পর থ্যাচার সম্পর্কে অনেক রাষ্ট্রনেতাই তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন, তার মধ্যে সাবেক ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরার এক বাক্যে ফুটে উঠেছে যুক্তরাজ্যের একমাত্র নারী প্রধানমন্ত্রীর ব্যক্তিত্ব।

“তার চোখে ছিল ক্যালিগুলার শ্যেনদৃষ্টি (রোমান সম্রাট) আর মুখে ছিল মেরিলিন মনরোর মায়া।”

একজন মুদি দোকানির ঘরে জন্ম নেয়া মার্গারেট থ্যাচার এক যুগ প্রধানমন্ত্রিত্ব করে দুই যুগ আগে বিদায় নিলেও যুক্তরাজ্যের রক্ষণশীল ও উদার- উভয় শিবিরে এখনো তার গৃহীত নীতিমালার প্রভাব লক্ষণীয়।

তিনি প্রধানমন্ত্রী থাকাকালে হাজার হাজার সাধারণ ভোটার সমাজে নিজেদের অবস্থান পেয়েছে, বেসরকারি খাত সমৃদ্ধ হয়েছে।

তবে এককেন্দ্রিক রাজনৈতিক ভাবনা তাকে ‘ঝামেলাপূর্ণ’ চরিত্র যেমন বানিয়েছে, তেমনি তার নীতি ও সরকার পরিচালনার ধরন কোন্দলও তৈরি করেছে।

১৯২৫ সালের ১৩ অক্টোবর লিঙ্কনশায়ারের গ্রানথামে আলফ্রেড রবার্টস নামে এক মুদি দোকানি এবং তার স্ত্রী বিয়েট্রিসের ঘরে জন্ম মার্গারেট হিলডা থ্যাচারের।

নিজের জীবন ও পরবর্তীকালে গৃহীত নীতিমালার ওপর স্থানীয় মেথডিস্ট চার্চের প্রচারক ও স্থানীয় জনপ্রতিনিধি বাবার প্রভাব ছিল অপরিসীম।

থ্যাচার অক্সফোর্ডের সোমারভিল কলেজে প্রকৃতিবিজ্ঞান পড়েছেন। তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটি কনজারভেটিভ অ্যাসোসিয়েশনের তৃতীয় নারী প্রেসিডেন্ট ছিলেন।

স্নাতক শেষে তিনি কোলচেস্টারে একটি প্লাস্টিক কোম্পানিতে কাজ নেন এবং রক্ষণশীল দলের স্থানীয় শাখার সঙ্গে যুক্ত হন। ১৯৫০ ও ৫১ সালের নির্বাচনে অংশ নিয়ে অংশ নিয়ে হেরে গেলেও যাবতকালের সর্বকনিষ্ঠ রক্ষণশীল প্রার্থী হিসেবে গণমাধ্যমের ব্যাপক নজর কাড়েন।

সে বছরই তিনি বিপত্নীক ব্যবসায়ী ডেনিস থ্যাচারকে বিয়ে করে আইন পড়াশোনা শুরু করেন। ৫৩ সালে ব্যারিস্টার হন এবং মার্ক ও ক্যারোল- এ দু’সন্তানের জন্ম দেন।

১৯৫৫ সালে আবারো পার্লামেন্ট নির্বাচনে ব্যর্থচেষ্টা করে অবশেষে ’৫৯ সালে নির্বাচনে সংরক্ষিত ফিঙ্কলি আসন থেকে হাউস অফ কমন্সে ঢোকে থ্যাচার।

১৯৯২ সাল পর্যন্ত তিনি উত্তর লন্ডনের এই আসনে পার্লামেন্ট সদস্য ছিলেন।

১৯৬১ সালে তিনি হ্যারল্ড ম্যাকমিলানের মন্ত্রিসভায় পেনশন বিষয়ক জুনিয়র মন্ত্রী হন। এর পর ৬৪ সালে রক্ষণশীল দল হেরে গেলে ১৯৭০ সাল পর্যন্ত তিনি এডওয়ার্ড হিথের ছায়া মন্ত্রিসভার বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ১৯৭০ সালে হিথ প্রধানমন্ত্রী হলে থ্যাচার তার শিক্ষামন্ত্রী হন।

১৯৭৪ সালের নির্বাচনে রক্ষণশীল দল হেরে গেলে দলের নেতৃত্ব নিতে হিথকে চ্যালেঞ্জ ছুড়ে দেন থ্যাচার এবং অনেককে হতভম্ব করে জয়ীও হন।

১৯৭৯ সালের সাধারণ নির্বাচনে তার নেতৃত্বে দল ক্ষমতায় এলে থ্যাচার হন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী।

তিনি রাষ্ট্রায়ত্ত শিল্প ও সেবা খাতসমূহের বেসরকারিকরণের, শ্রমিক ইউনিয়ন সংশোধনের, কর কমানোর এবং দেশজুড়ে সামাজিক খাতসমূহে ব্যয় কমানোর পক্ষে কাজ করেছেন।

থ্যাচারের গৃহীত নীতিমালা যুক্তরাজ্যে মুদ্রাস্ফীতি কমাতে সফল হলেও তার ক্ষমতার মেয়াদে বেকারত্ব ব্যাপক হারে বেড়ে যায়। তার এই নীতি বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় ‘নয়া-উদারবাদী’ হিসেবে পরিচিত।

১৯৮২ সালের বহুল আলোচিত ফকল্যান্ড যুদ্ধে যুক্তরাজ্যের বিজয় ও দেশের বিভক্ত বিরোধী দল ১৯৮৩ সালের সাধারণ নির্বাচনে থ্যাচারকে নিরঙ্কুশ জয় পেতে সাহায্য করেছিল।

১৯৮৪ সালে ব্রাইটনে দলের সম্মেলনে আইরিশ রেভলিউশনারি আর্মির বোমা হামলায় তিনি একটুর জন্য মৃত্যুর মুখ থেকে বেঁচে যান।

পররাষ্ট্র নীতির ক্ষেত্রে সাম্যবাদের প্রতি সাধারণ অবিশ্বাস ও মুক্তবাজার অর্থনীতির আদর্শকে ভিত্তি করে যুক্তরাষ্ট্রের তখনকার প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের সঙ্গে ঘনিষ্ঠ রাজনৈতিক সম্পর্ক রেখে গেছেন তিনি।

রাশিয়ার সংশোধনবাদী নেতা মিখাইল গর্বাচেভের সঙ্গেও উষ্ণ সম্পর্ক ছিল তার।

১৯৮৭ সালের সাধারণ নির্বাচনে থ্যাচার অভূতপূর্বভাবে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন। কিন্তু নির্বাচনী করারোপসহ তার বিভিন্ন বিতর্কিত নীতি ও ইউরোপের সঙ্গে ঘনিষ্ঠতাবিরোধী নীতির কারণে তার দলে বিভাজন তৈরি হয়, যা থেকে তার নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়ে।

১৯৯০ সালের নভেম্বরে তিনি পদত্যাগ করতে সম্মত হন এবং তার জায়গায় দলের নেতা ও প্রধানমন্ত্রী হন জন  মেজর।

যুক্তরাজ্যে থ্যাচারের মতো এতদিন কেউ প্রধানমন্ত্রীর পদে ছিলেন না।

১৯৯২ সালে হাউজ অব কমন্স ছেড়ে যান থ্যাচার। তিনি কেস্তেভানের ব্যারোনেস থেচার উপাধিসহ হাইজ অব লর্ডসে ‘পিরেজ’ হিসেবে নিয়োগ পান এবং বিশ্বজুড়ে বক্তব্য ও ভাষণ দিয়ে বেড়ান।

তিনি থেচার ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন, যার লক্ষ্য ছিল রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতার অগ্রগতি, বিশেষ করে মধ্য ও পূর্ব ইউরোপের সদ্য স্বাধীন দেশগুলোর উন্নতির লক্ষ্যে কাজ করা।

থেচার ১৯৯৫ সালে ইংল্যান্ডের নাইটহুডের সর্বোচ্চ পর্যায় অর্ডার অব দ্য গার্টারের সদস্য হন।

বেশ কয়েকটি ছোট স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর ২০০২ সাল থেকে ব্যারোনেস থেচার জনসম্মুখে বক্তব্য দেয়া থেকে অবসর নেন তিনি। সেই স্ট্রোকেই সোমবার অবসান ঘটল তার বর্ণময় জীবনের।

(বিবিসি অবলম্বনে)

পুরনো খবর:

‘লৌহমানবী’ মার্গারেট থ্যাচার আর নেই