কায়েসংয়ে কাজ বন্ধ করছে উত্তর কোরিয়া
কায়েসং যৌথ শিল্প এলাকায় দক্ষিণ কোরীয়দের প্রবেশ নিষিদ্ধ করার পর এবার সেখান থেকে সব কর্মী প্রত্যাহার করে নেয়াসহ কার্যক্রম বন্ধ করে দিচ্ছে উত্তর কোরিয়া।
প্রায় এক দশক আগে প্রতিষ্ঠিত কায়েসং শিল্প এলাকা দুই কোরিয়ার মধ্যে সহযোগিতার প্রতীকে পরিণত হয়েছিল।
কিন্তু এটি এখন স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হতে পারে বলেই জানিয়েছেন উত্তর কোরিয়ার কর্মকর্তারা।
পিয়ংইয়ং ইতোমধ্যেই দক্ষিণ কোরীয়দেরকে কায়েসংয়ে প্রবেশ নিষিদ্ধ করেছে।আর এখন সাময়িকভাবে এলাকাটিতে কাজ বন্ধ করে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন উত্তর কোরিয়ার এক কর্মকর্তা। এ সময়ের মধ্যে এলাকাটি টিকিয়ে রাখা হবে নাকি বন্ধ করে দেয়া হবে সেটি তারা বিচার-বিশ্লেষণ করে দেখবেন বলে জানান তিনি।
উত্তর কোরিয়া সীমান্তবর্তী ওই শিল্প এলাকায় ৫০ হাজারেরও বেশি উত্তর কোরীয় কর্মী কাজ করে।কিন্তু তাদের তহবিল সহায়তা এবং ব্যবস্থাপনার কাজ করে দক্ষিণ কোরিয়া।
এলাকাটির কার্যক্রম স্থগিতের ঘোষণার প্রতিক্রিয়ায়ে এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার পুনরেকত্রীকরণ মন্ত্রণালয় বলেছে,“কোনোভাবেই এর কোনো যৌক্তিকতা নেই।এর সমস্ত পরিণতির জন্য উত্তর কোরিয়াই দায়ী হবে।”
