মনোনয়ন পেলেন মুশাররফ
পাকিস্তানে মে মাসের আসন্ন সাধারণ নির্বাচনে উত্তরাঞ্চলের প্রত্যন্ত চিত্রাল আসনে রোববার মনোনয়ন পেয়েছেন সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ।
কাসুর(জাতীয় পরিষদের ১৩৯ নম্বর আসন)ও করাচি(জাতীয় পরিষদের ২৫০ নম্বর আসন) আসনে মুশাররফের মনোনয়নপত্র প্রত্যাখ্যাত হওয়ার পর চিত্রালে (জাতীয় পরিষদের ৩২ নম্বর আসন)তার মনোনয়নপত্র গৃহীত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
চার বছর স্বেচ্ছানির্বাসনে থাকার পর সাধারণ নির্বাচনে অংশ নিতে তালেবানের হুমকি ও গ্রেপ্তারের আশঙ্কা উপেক্ষা করে গত ২৪ মার্চ দেশে ফেরেন সাবেক স্বৈরশাসক জেনারেল মুশাররফ।
তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কিন্তু এ সমস্ত মামলায় মুশাররফ এখনো দোষী সাব্যস্ত হননি- এ যুক্তিতে চিত্রালে তাকে মনোনয়ন দেয়া হয়েছে।
মুশাররফের বিরুদ্ধে বিভিন্ন মামলার মধ্যে রয়েছে ২০০৭ সালে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ডের ঘটনায় তাকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে ব্যর্থতার মামলা।
এছাড়া, বেলুচ আদিবাসী নেতা নবাব আকবর বুগতি হত্যাকান্ডসহ কয়েকটি মামলা আছে তার বিরুদ্ধে।এরই মধ্যে মুশাররফ দেশদ্রোহীতা মামলার মুখেও পড়েছেন।
তবে সব মামলাকেই ‘ভিত্তিহীন’ এবং ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়েছেন মুশাররফ।
কিন্তু তার বিরুদ্ধে নানা অভিযোগ ও আপত্তির মুখে গত সপ্তাহে কাসুরে তার মনোনয়নপত্র বাতিল হয়। মুশাররফের প্রার্থিতা নিয়ে স্থানীয় আইনজীবী জাভেদ কাসুরির আপত্তির মুখে মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসার।
এরপর সংবিধানের ৬২ ও ৬৩ ধারা অনুযায়ী মুশারররফ ১১ মের সাধারণ নির্বাচনে অংশ নেওয়ার যোগ্য নন বিবেচনা করে জাতীয় পরিষদের ২৫০ নম্বর আসন করাচিতেও তার মনোনয়নপত্র বাতিল করে পাকিস্তান নির্বাচন কমিশন।
কিন্তু আফগান সীমান্তবর্তী চিত্রালে কর্মকর্তারা মুশাররফের মনোনয়নপত্র গ্রহণ করেছেন।
এ সম্পর্কে রিটার্নিং অফিসার জামাল খান বলেন, “তিনি (মুশাররফ)এখন পর্যন্ত দো্ষী সাব্যস্ত না হওয়ায় আমরা তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে পারছি না।”
মুশাররফ করাচি, ইসলামাবাদ, চিত্রাল ও কাসুর—এ চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
